গাজীপুরের কাশিমপুরে তুরাগ নদীতে নিখোঁজ হওয়া যুবক রাসেলের মরদেহ ৪২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কাশিমপুরের সাতাইশকান্দি এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করেন স্বজনরা।
রাসেল (২২) কাশিমপুর থানা এলাকার ৩নং ওয়ার্ডের গোবিন্দবাড়ী এলাকার ফজল আলীর ছেলে।
এর আগে শনিবার বিকেলে কাশিমপুরের নামাবাজার ৬নং ওয়ার্ডের জেলেপাড়া এলাকার তুরাগ নদীতে নৌকা ভ্রমণের সময় দুর্ঘটনার শিকার হন রাসেল।
ঈদের ছুটিতে কয়েকজন বন্ধু মিলে নৌকায় নদীতে ঘুরতে বের হন তারা। নৌকায় গান বাজিয়ে আনন্দ-উল্লাসের একপর্যায়ে রাসেল ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই তিনি পানিতে তলিয়ে যান।
নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদের পাশাপাশি স্থানীয় জেলে, নৌকার মাঝি ও এলাকাবাসীও তল্লাশি চালান। দীর্ঘ ৪২ ঘণ্টার অনুসন্ধানের পর সোমবার দুপুরে সাতাইশকান্দি এলাকায় নদীর পানিতে ভাসমান অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান তার স্বজনরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।
পলাশ প্রধান/অমিয়/