মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের স্ত্রী ও দেড় বছর বয়সি ভাতিজাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ইউসুফ মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশ।
মঙ্গলবার (২ জুন) রাত ১২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর বেরিবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হত্যার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
পুলিশ খবরের কাগজকে জানায়, গত শনিবার রাতে বাচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে ইউসুফ মোল্লা তার বড় ভাই আব্দুস ছালামের বাড়িতে হামলা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহত হন আব্দুস ছালামের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আমেনা (২৮) এবং তাদের দেড় বছর বয়সি ছেলে আসওয়াদ। হামলায় গুরুতর আহত হন আব্দুস ছালাম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৯টা ১০ মিনিটের দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন ছালাম। বাড়িতে পৌঁছানোর পর তার ছোট ভাই ইউসুফ মোল্লা তাকে আঘাত করেন এবং ঘরে প্রবেশ করে ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।
স্থানীয়রা আহত ছালামকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি জব্দ করে পুলিশ।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো খবরের কাগজকে বলেন, হত্যার পরপরই ইউসুফ মোল্লা পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার খবরের কাগজকে বলেন, এ ঘটনায় নিহত আমেনার মা মিনা খাতুন বাদী হয়ে ইউসুফ মোল্লার নামে হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে আসছিল। অবশেষে গোয়েন্দা পুলিশ ও দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আসাদ জামান/থিও/