নওগাঁর সাপাহারে একটি সড়কের পাশে পচে নষ্ট হচ্ছে অর্ধশতাধিক পশুর চামড়া। এরইমধ্যে পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে তৈরি হয়েছে জনদুর্ভোগ। স্থানীয়দের ধারণা, এবার দাম না থাকায় চামড়া ফেলে দিয়েছেন কোরবানিদাতারা।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, পিছলীডাঙ্গা-সাহাবাজপুর গ্রামীণ পাকা সড়কের পাশে জামালের আমবাগানের সামনে প্রায় অর্ধশত গরু, ছাগল ও ভেড়ার চামড়া পড়ে রয়েছে। চামড়াগুলো পচে আশেপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়েছে।
স্থানীয় সূত্র বলছে, ঈদুল আজহার দ্বিতীয় দিন রাতে কে বা কারা বস্তাভর্তি এসব পশুর চামড়া সেখানে ফেলে রেখে যায়। পরদিন থেকেই কুকুর ও শিয়াল বস্তা ছিঁড়ে ফেললে ভেতরে থাকা চামড়াগুলো বেরিয়ে আসে এবং কয়েকদিনের মধ্যে সেগুলো পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করে।
বাগানের মালিক জামাল হোসেন খবরের কাগজকে বলেন, প্রতিদিন আশপাশের ২১টি গ্রামের মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। দুর্গন্ধের কারণে পথচারীদের ভোগান্তি বেড়েছে। এ ছাড়াও আমবাগানে কাজ করাও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে এবং পচা গন্ধে শ্রমিকরা বাগানে বেশিক্ষণ কাজ করতে পারছেন না।
শাহবাজপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম খবরের কাগজকে জানান, এ বছর চামড়ার দাম সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হলেও গ্রামগঞ্জে তার বাস্তবায়ন দেখা যায়নি।
তিনি আরও বলেন, কুরবানিদাতাদের মধ্যে চামড়া বিক্রির আগ্রহ ছিল খুবই কম। তাই দাম না পাওয়ার কারণেই এসব চামড়া ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা তার।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম খবরের কাগজকে বলেন, বিষয়টি তার জানা নেই। তবে এমনটি হয়ে থাকলে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ খবরের কাগজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছেন তিনি। তবে চামড়াগুলোর মালিক কে বা কারা, তা তার জানা নেই। জনদুর্ভোগের কথা চিন্তা করে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
হারুন চৌধুরী/থিও/