রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় আলোচিত তৃতীয় লিঙ্গের শিলা (৩২) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। গ্রেপ্তাররা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. শুক্কুর মাসুদ (২৫), মো. আরিফুল ইসলাম হৃদয় (১৮), পুতুল আক্তার (৩২) ও শারমিন আক্তার প্রকাশ রানা (৩০)।
এদের মধ্যে মো. শুক্কুর মাসুদ নেত্রকোনার দুর্গাপুরের দক্ষিণ নাওদাড়া গ্রামের বাসিন্দা, আরিফুল ইসলাম হৃদয় চট্টগ্রামের হাটহাজারী হেলাল চৌধুরীপাড়ার বাসিন্দা। পুতুল আক্তার চট্টগ্রামের রাউজান সুলতানপুরের বাসিন্দা আর রাঙামাটি রিজার্ভ বাজারের বাসিন্দা শারমিন আক্তার প্রকাশ রানা।
গত সোমবার (৩ ফেব্রুয়ারি) কাউখালী উপজেলার বেতবুনিয়াতে তৃতীয় লিঙ্গের শিলাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন সন্ধ্যায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করে চার দিনের ব্যবধানে চারজনকে গ্রেপ্তার করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তাররা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৃতীয় লিঙ্গের আধিপত্য বিস্তারের কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে। তবে তাদের সঙ্গে আরও কারা জড়িত তা গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। ইতোমধ্যে বেশ কিছু আলামতও জব্দ করা হয়েছে।
জিয়াউর জুয়েল/জোবাইদা/