আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসায় ঢুকে ডাকাতির সময় চারজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২০ জুলাই) বেলা ৩টার দিকে মিরপুর ডিওএইচএস ৭ নম্বর অ্যাভিনিউর ১১ নম্বর রোডের ৮০৭ নম্বর বাসায় এই ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘আটকদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। আটকদের মধ্যে একজন সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন বলে আমরা ধারণা করছি। ভালোভাবে জেনে আপনাদের বিস্তারিত জানাতে পারব।’
পল্লবী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, যে বাড়িটিতে ডাকাতির ঘটনা ঘটেছে সেটিও একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার। অবৈধ অস্ত্র রয়েছে, এমন অভিযোগ তুলে আটকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সেই বাড়িতে প্রবেশ করেন। এরপর বাসার মূল্যবান জিনিসপত্র লুট করছিলেন। বাড়ির লোকজন কৌশলে বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে তাদের আটক করে।