বগুড়ায় অনলাইন জুয়ার পাওনা টাকা দেওয়ার কথা বলে মধ্যরাতে ঘুম থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করে সিয়াম নামে এক কিশোর।
বুধবার (১৪ আগস্ট) রাতে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকসরতাজ সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম মো. রাসেল আহমেদের (২৮)। তিনি ওই গ্রামের মো. আবু বক্করের ছেলে।
রাসেলের স্ত্রী আকতার জানান, বুধবার রাতে খেয়ে ঘুমিয়ে পড়েন রাসেল। মধ্যরাতে প্রতিবেশী সিয়াম পাওনা টাকা দেওয়ার কথা বলে তার ম্যাসেঞ্জারে কল করে বাড়ির বাইরে আসতে বলেন। এরপর বাড়ির পাশে খোলা মাঠে নিয়ে ধারালো ছুরি দিয়ে বুক ও পিঠে উপর্যপুরি আঘাত করে সিয়াম। পরে দৌড়ে বাড়িতে গিয়ে লুটিয়ে পড়েন রাসেল। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এদিকে হত্যাকারী সিয়াম (১৭) ঢাকায় পালিয়ে যাওয়ার সময় সিরাজগঞ্জ রোড থেকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকুটি উদ্ধার করে পুলিশ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, ঘটনার পর ঢাকায় পালানোর পথে অভিযুক্ত সিয়ামকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে। পরে সিয়ামের দেখানো স্থান থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ধারালো চাকু।
তিনি জানান, অনলাইনে একাধিক অ্যাপে একসঙ্গে জুয়া খেলতেন নিহত রাসেল ও আটক সিয়াম। প্রায় এক মাস আগে জুয়া খেলায় সিয়ামের কাছে পাওনা ২২ হাজার টাকা দাবি করে তাকে চাপ দিতে থাকেন রাসেল। এ নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড।
রিপন দাস/অমিয়/