ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে দায়িত্ব পালনের সময় চুরির ঘটনায় আটক সেই আনসার সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার ও কালো তালিকাভুক্ত করা হয়েছে।
গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক এবং গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরে দায়িত্ব পালনের সময় অভিযুক্ত আনসার সদস্যের পোশাকের ভেতরে লুকানো ১৫টি পুরোনো মডেলের বাটন মোবাইল ফোন উদ্ধার হয়।
বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছে। বাহিনী জানায়, এ ধরনের অনৈতিক আচরণ বাহিনীর নীতি ও আদর্শের পরিপন্থি। ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সংশ্লিষ্ট আনসার সদস্য জেনারুলকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে তাকে বাহিনী থেকে বহিষ্কার ও কালো তালিকাভুক্ত করা হয়। সংস্থাটি দাবি করে, এটি একটি একান্ত বিচ্ছিন্ন ঘটনা। একজন সদস্যের অনৈতিক কাজের দায় পুরো বাহিনীর ওপর চাপানো অনুচিত।
এর আগে গত বৃহস্পতিবার বিমানবন্দরে আমদানি কার্গো কমপ্লেক্সে চুরির পর বিমানবন্দরের ৮ নম্বর গেট (হ্যাঙ্গার গেট) দিয়ে বের হাওয়ার সময় হাতেনাতে আনসার সদস্য জেনারুলকে আটক করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিরাপত্তাকর্মীরা। এ সময় ওই আনসার সদস্যকে তল্লাশি করে তার বুট জুতা, প্যান্ট, শার্ট থেকে ১৫টি মোবাইল ফোন বের করা হয়।