নোয়াখালী সদরে শ্রেণিকক্ষে শিশু শিক্ষার্থীকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুহুল আমিন (২৩) নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানা পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগীর মায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে কালাদরাফ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রুহুল আমিন সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন।
মামলা সূ্ত্রে জানা গেছে, সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কালাদরাফ ইউনিয়নের একটি মাদরাসায় টিফিন বিরতির সময় আসামি রুহুল আমিন প্রথম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। এ সময় তাকে আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। পরে ওই শিশু বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানালে তারা থানায় অভিযোগ করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর আসামি রুহুল আমিন অপরাধের কথা স্বীকার করেছন। ভুক্তভোগীর মায়ের করা মামলায় আজ বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইকবাল হোসেন/নাঈম