সদ্য প্রকাশিত এইচএসসির ফলাফল বাতিলের দাবিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে অকৃতকার্য একদল শিক্ষার্থী। এতে কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় সেখানে পুলিশ মোতায়েন থাকলেও শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়াননি তারা।
মঙ্গলবার (২২ অক্টোবর) শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচির একপর্যায়ে বেলা ২টার দিকে ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। তালাবদ্ধ অবস্থায় বোর্ডের চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করলে হট্টগোল শুরু হয়।
পরে বুধবার (২৩ অক্টোবর) ঢাকায় সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে বিকেল পাঁচটার দিকে তালা খুলে দেন শিক্ষার্থীরা।
ময়মনসিংহ কমার্স কলেজের আইসিটিতে অকৃতকার্য শিক্ষার্থী রাতুল বলেন, ‘আমি অকৃতকার্য হওয়ার মতো শিক্ষার্থী না। তাই কর্মসূচি অনুযায়ী আন্দোলন করছি।’
ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞানে অকৃতকার্য রিয়াজ উদ্দিন জানান, তাদের যৌক্তিক দাবি মানা হচ্ছে না। তাই ঢাকায় আন্দোলন করা হবে। অনেক শিক্ষার্থী ঢাকায় চলে গেছে। রাতে ও সকালে অনেকে যাবে। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমরা কোনো নির্দেশনা পাইনি। আগামী ২৭ তারিখ মন্ত্রণালয়ে সমন্বয় কমিটির মিটিং আছে। সেই মিটিংয়ে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কোনো ঝামেলা হয়নি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
কামরুজ্জামান মিন্টু/মেহেদী/অমিয়/