প্রথম অধ্যায় : ভৌত রাশি ও পরিমাপ
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: লঘিষ্ঠ গণন বলতে কী বোঝ?
উত্তর: স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের মাত্র একভাগ ঘুরালে স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে যন্ত্রের লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠমান বলে।
স্ক্রু গজের সাহায্যে পাঠ নেওয়ার আগে লঘিষ্ঠ মান নির্ণয় করতে হয়। বৃত্তাকার স্কেলের শূন্য দাগের সঙ্গে রৈখিক স্কেলের শূন্য দাগ মিলিয়ে নিতে হয়। বৃত্তাকার স্কেলটিকে একবার ঘুরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে ওই যন্ত্রের দৌড় বা পিচ বলে। যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দিয়ে ভাগ করলে লঘিষ্ঠ মান পাওয়া যায়।
প্রশ্ন: কোনো স্ক্রু গজের লঘিষ্ঠ গণন ০.০১ মিমি বলতে কী বোঝায় ব্যাখ্যা করো।
উত্তর: কোনো স্ক্রু গজের লঘিষ্ঠ গণন ০.০১ মিমি বলতে বোঝায় বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি ০.০১ মিমি পরিমাণ সরে আসে। এক্ষেত্রে যন্ত্রটির পিচ এবং বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যার অনুপাতের মান ০.০১ মিমির সমান।
সুতরাং বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা ১০০ হলে পিচের মান = ১০০ x ০.০১ মিমি = ১ মিমি।
আরো পড়ুন : ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ের ৮টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, নবম শ্রেণির পদার্থবিজ্ঞান
প্রশ্ন: ভার্নিয়ার ধ্রুবক বলতে কী বোঝায়?
উত্তর: স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে।
যেমন- ভার্নিয়ারের ১০ ভাগ প্রধান স্কেলের ৯ ক্ষুদ্রতম ভাগের সমান হলে ভার্নিয়ার স্কেলের প্রতিটি ভাগের দৈর্ঘ্য = ০.৯ মিমি
এবং এক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক, VC = ১/১০ মিমি = ০.১ মিমি = ০.০১ সেমি।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর