চতুর্থ অধ্যায় : আর্থিক বিশ্লেষণ
(গত ২৫ অক্টোবর প্রকাশের পর)
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: প্রতি একক বিক্রিমূল্য ও ব্রেক-ইভেন বিন্দুর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।
উত্তর: প্রতি একক বিক্রিমূল্য ও ব্রেক-ইভেন বিন্দুর মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ প্রতি একক বিক্রিমূল্য বৃদ্ধি পেলে ব্রেক-ইভেন বিন্দু হ্রাস পাবে। আবার প্রতি এক বিক্রিমূল্য হ্রাস পেলে ব্রেক-ইভেন বিন্দু বৃদ্ধি পাবে। কারণ প্রতি একক বিক্রিমূল্য বৃদ্ধি পেলে প্রতি একক কন্ট্রিবিউশন মার্জিন বৃদ্ধি পায়। ফলে ব্রেক-ইভেন বিন্দু হ্রাস পায়।
প্রশ্ন: আয় বিবরণী ও নগদ বিবরণী বলতে কী বোঝায়?
উত্তর: পাবলিক লিমিটেড কোম্পানিকে যে চারটি প্রধান আর্থিক বিবরণী তৈরি করতে হয় তন্মধ্যে দুটি হলো আয় বিবরণী ও নগদ প্রবাহ বিবরণী। আয় বিবরণীর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালে তার কার্যাবলির ফলে সৃষ্ট মুনাফা বা ক্ষতির পরিমাণ জানা যায়। অন্যদিকে নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে কোম্পানির পরিচালন কার্যাবলি, বিনিয়োগ কার্যাবলি ও অর্থায়ন কার্যাবলির ফলে সৃষ্ট নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ সম্পর্কে জানা যায়।
প্রশ্ন: নগদ প্রবাহ কেন বিশ্লেষণ করা হয়?
উত্তর: নগদ প্রবাহ বিশ্লেষণের মাধ্যমে একটি কোম্পানি একটি আর্থিক বছরে প্রস্তুত নগদ প্রবাহ বিবরণীর বিভিন্ন খাতের নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের মধ্যে তুলনা করতে পারে। এর মাধ্যমে নগদ প্রবাহ বিবরণীর সঙ্গে অন্যান্য আর্থিক বিবরণীর সম্পর্ক নির্ণয় করা হয় এবং বিভিন্ন আর্থিক অবস্থার মূল্যায়ন করা হয়। ফলে প্রতিষ্ঠানের পক্ষে যথাযথ আর্থিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। মূলত এ উদ্দেশ্যেই নগদ প্রবাহ বিশ্লেষণ করা হয়।
প্রশ্ন: সম্পত্তি বিক্রিজনিত লাভ নগদ প্রবাহ বিবরণীর পরিচালন কার্যাবলিতে নিট আয় থেকে কেন বাদ দেওয়া হয়?
উত্তর: সম্পত্তি বিক্রিজনিত লাভ আয় বিবরণীতে আয় হিসেবে দেখানো হয়। ফলে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পায় না। কিন্তু নিট আয় বৃদ্ধি পায়। এজন্য নগদ প্রবাহ বিবরণীর পরিচালন কার্যাবলিতে নিট আয় থেকে সম্পত্তি বিক্রিজনিত লাভ বাদ দেওয়া হয়। উল্লেখ্য, সম্পত্তি বিক্রি থেকে প্রাপ্তি নগদ প্রবাহ বিবরণীর বিনিয়োগ কার্যাবলিতে নগদ আন্তঃপ্রবাহ হিসেবে দেখানো হয়। অর্থাৎ সম্পত্তি বিক্রিজনিত লাভ বিনিয়োগ কার্যাবলিতে সমন্বয় করা হয়েছে। আবার এই লাভের পরিমাণ পরিচালন কার্যাবলিতে নিট লাভের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এজন্য পরিচালন কার্যাবলিতে নিট লাভ থেকে এটি বাদ না দিলে নগদ প্রবাহ বিবরণীতে একই জিনিস দুবার দেখানো হয়। তাই সম্পত্তি বিক্রিজনিত লাভ পরিচালন কার্যাবলিতে নিট আয় থেকে বাদ দেওয়া হয়।
প্রশ্ন: অবচয় কীভাবে কার্যাবলি নগদ প্রবাহকে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
উত্তর: অবচয় হচ্ছে একটি অনগদ খরচ। এজন্য পরিচালন কার্যাবলি থেকে নগদ প্রবাহ নির্ণয়ের সময় কর-পরবর্তী নিট মুনাফার সঙ্গে অবচয় যোগ করা হয়। অর্থাৎ, অবচয় বৃদ্ধি পেলে পরিচালন কার্যাবলি থেকে নগদ প্রবাহ বৃদ্ধি পাবে। আবার অবচয় হ্রাস পেলে পরিচালন কার্যাবলি থেকে নগদ প্রবাহ হ্রাস পাবে। সুতরাং অবচয় এবং পরিচালন কার্যাবলি থেকে নগদ প্রবাহের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।
প্রশ্ন: সম্পত্তি বিক্রিজনিত ক্ষতি কেন পরিচালন কার্যাবলি থেকে নগদ প্রবাহ নির্ণয়ে সমন্বয় করতে হয়?
উত্তর: সম্পত্তি বিক্রিজনিত ক্ষতি আয় বিবরণীতে খরচ হিসেবে দেখানো হয়। এই ক্ষতির ফলে নগদ অর্থ হ্রাস পায় না। কিন্তু আয় বিবরণীতে খরচ হিসেবে দেখানোর কারণে নিট আয় হ্রাস পায়। এজন্য পরিচালন কার্যাবলি থেকে নগদ প্রবাহ নির্ণয়ে নিট আয়ের সঙ্গে সম্পত্তি বিক্রিজনিত ক্ষতি সমন্বয় (যোগ করা) করা হয়।
প্রশ্ন: সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণের সীমাবদ্ধতা বলতে কী বোঝায়?
উত্তর: সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণের নানাবিধ সুবিধার সঙ্গে কিছু সীমাবদ্ধতাও পরিলক্ষিত হয়। সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণের সীমাবদ্ধতাগুলো হলো- সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণে অনেকগুলো মৌলিক অনুমান ব্যবহৃত হয়, যদি অনুমানগুলো ভুল হয় তবে সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ ভুল হয়। সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণে বিনিয়োগ করা মূলধনকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়। আধা পরিবর্তনশীল খরচকে স্থায়ী ও পরিবর্তনশীল খরচে ভাগ করার ক্ষেত্রে অনেক সমস্যা হয়।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা