কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের যোগ্যতা: ২০২১/২০২২/২০২৩ সালে এসএসসি/সমমান এবং ২০২৪/২০২৫ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিতসহ উত্তীর্ণ হয়েছেন, কেবল তারাই আবেদন করতে পারবেন। ২০২৪ সালে এসএসসি/সমমান মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় বাদে ন্যূনতম জিপিএ-৪ এবং মোট ন্যূনতম জিপিএ-৮ দশমিক ৫ থাকতে হবে। ‘ও’ এবং ‘এ’ লেভেল পাস করা প্রার্থীর ক্ষেত্রে ‘ও’ লেভেল পরীক্ষার অন্তত পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৪ এবং মোট ন্যূনতম জিপিএ-৮ দশমিক ৫০ থাকতে হবে। এ ক্ষেত্রে এ ও বি গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে।
শুধু মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধা কোটায় (৩ শতাংশ) এবং প্রকৃত উপজাতি/ক্ষুদ্র নৃগোষ্ঠী/পার্বত্য অঞ্চলের অ-উপজাতি প্রার্থীরা উপজাতি/ক্ষুদ্র নৃগোষ্ঠী/পার্বত্য অঞ্চলের অ-উপজাতি কোটায় (১ শতাংশ) এবং প্রতিবন্ধীরা প্রতিবন্ধী কোটায় (১ শতাংশ) আবেদন করতে পারবে।
কোটায় আবেদনের ক্ষেত্রে কোটার নির্ধারিত স্থানে টিক চিহ্ন দিতে হবে এবং যে সব কাগজপত্র অনলাইনে আপলোড (সর্বোচ্চ 2MB এর PDF ফরম্যাট) করতে হবে: মুক্তিযোদ্ধার সন্তান কোটার প্রার্থীদের বাবা-মায়ের অনুকূলে সরকার কর্তৃক স্বীকৃত মুক্তিযোদ্ধার সনদপত্রের সফট কপি। উপজাতি/ক্ষুদ্র নৃগোষ্ঠী/পার্বত্য অঞ্চলের অ-উপজাতি প্রার্থীদের নিজ নিজ জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত জেলার স্থায়ী বাসিন্দা সম্পর্কিত প্রত্যয়নপত্রের কপি। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রাপ্ত প্রত্যয়নপত্রের কপি জমা দিতে হবে।
আসনসংখ্যা : কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসনসংখ্যা ৩ হাজার ৭০১টি।
আবেদন ফি: ১ হাজার ২০০ টাকা।
পরীক্ষার বিষয় ও নম্বর বিভাজন: এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ও প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক উপকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এইচএসসি/সমমানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী (ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের) প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।
ফলাফল প্রস্তুত: মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় বাদে) ভিত্তিতে ২৫ এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় বাদে) ভিত্তিতে ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমাণ তালিকা তৈরি করা হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
প্রবেশপত্র ডাউনলোড: ২৭ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত।
ওয়েবসাইটে আসন বিন্যাস প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫।
ভর্তি পরীক্ষা: ৩ জানুয়ারি, ২০২৬, দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
ফলাফল প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬।
বিস্তারিত জানতে ওয়েবসাইট: https://acas.edu.bd/
কবীর