পঞ্চম অধ্যায় : স্বল্প ও মধ্যমেয়াদি অর্থায়ন
(গত ১০ ডিসেম্বর প্রকাশের পর)
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: স্বতঃস্ফূর্ত অর্থায়ন কী?
উত্তর: ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম সম্পাদনের ফলে যে অর্থায়ন হয় তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে। ব্যবসায়ে স্বতঃস্ফূর্ত অর্থায়নের প্রধান দুটি উৎস হলো- বকেয়া দায়, বকেয়া খরচ।
প্রশ্ন: ঋণ রেখা কী?
উত্তর: ঋণ রেখা হলো একটি অনানুষ্ঠানিক চুক্তি। যে চুক্তির অধীনে ব্যাংক তার গ্রাহককে এককালীন জামানতবিহীন সর্বোচ্চ পরিমাণ ঋণ মঞ্জুর করে থাকে। এ ঋণের ক্ষেত্রে অব্যবহৃত ঋণের ওপর কোনো সুদ দিতে হয় না।
প্রশ্ন: ঘূর্ণায়মান ঋণ কী?
উত্তর: ঘূর্ণায়মান ঋণ হলো একটি আনুষ্ঠানিক চুক্তি। যে চুক্তির অধীনে ব্যাংক তার গ্রাহককে সর্বোচ্চ পরিমাণ ঋণ মঞ্জুর করে থাকে এবং পর্যায়ক্রমে এ জাতীয় ঋণ উত্তোলন করা যায়। তবে সব ঋণের ওপর সুদ দিতে হয়। এখানে ঋণ পরিশোধে ব্যাংকেরও বাধ্যবাধকতা থাকে।
প্রশ্ন: মিতব্যয়ী ফরমায়েশ কী?
উত্তর: মিতব্যয়ী ফরমায়েশ হচ্ছে এমন এক ফরমায়েশ যেখানে পণ্যের বহন ও ফরমায়েশ ব্যয় সর্বনিম্ন হয়।
প্রশ্ন: ভাসমান বন্ধক কী?
উত্তর: মজুত পণ্যের মাধ্যমে অর্থায়নের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো একটি মজুত পণ্যকে জামানত হিসেবে না রেখে যখন গুদামের সব পণ্য বা দোকানের সব পণ্য জামানত হিসেবে রাখা হয় তবে তাকে ভাসমান বন্ধক বলে।
প্রশ্ন: ক্ষতিপূরণ জের কী?
উত্তর: চলতি স্বল্পমেয়াদি ঋণ রেখা ও ঘূর্ণায়মান ঋণের অধীনে যে হারে টাকা জমা রাখা হয় তাকে ক্ষতিপূরণ জের বলে। সাধারণত ঋণ দেওয়ার আগে ক্ষতিপূরণ জের কেটে রাখা হয়।
প্রশ্ন: অঙ্গীকার ফি কী?
উত্তর: ঘূর্ণায়মান ঋণ চুক্তির অধীনে অব্যবহৃত ঋণের ওপর যে নির্দিষ্ট হারে ফি দিতে হয় তাকে অঙ্গীকার ফি বলে।
প্রশ্ন: গুদাম রসিদ ঋণ কী?
উত্তর: গুদাম রসিদ ঋণ বলতে বোঝায় গুদামে মালামাল রেখে যে রসিদ দেওয়া হয়, সে রসিদ জামানত রেখে বাণিজ্যিক ব্যাংক বা বাণিজ্যিক আর্থিক প্রতিষ্ঠানগুলো যে ঋণ দেয় তাকে গুদাম রসিদ ঋণ বলে।
প্রশ্ন: ফরমায়েশ ব্যয় কী?
উত্তর: ফরমায়েশ ব্যয় বা পণ্যদ্রব্য সংগ্রহ ব্যয় হচ্ছে ওইসব ব্যয়, যা মজুত করার জন্য যে পণ্য নির্দিষ্ট করা হয়েছে তা সংগ্রহ করার জন্য ব্যয় করা হবে।
প্রশ্ন: কঠোর বা আগ্রাসী নীতি কী?
উত্তর: কঠোর নীতি বলতে পরিবর্তনশীল চলতি মূলধনের সবটুকু এবং স্থায়ী চলতি মূলধনের একটি অংশ স্বল্পমেয়াদি উৎস থেকে সংগ্রহ করা উচিত বোঝায়।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর