চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি-২০২৬ সেশনে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউট এবং জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রে পূর্ণকালীন এবং খণ্ডকালীন এমফিল ও পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
মাসিক বৃত্তি: মেধার ভিত্তিতে এমফিল প্রোগ্রামে মাসে ২০ হাজার টাকা হারে দুই বছর এবং পিএইচডি প্রোগ্রামে মাসে ৪০ হাজার টাকা হারে তিন বছরের জন্য গবেষণা বৃত্তি দেওয়া হবে।
আবেদন ফি: এমফিল ও পিএইচডি (পূর্ণকালীন ও খণ্ডকালীন) প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন ফি ৫০০ টাকা।
আবেদন ফরম ডাউনলোড ও ফরম জমা দেওয়ার শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। পরে আবেদন ফরম পূরণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংক অথবা জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারসহ আগামী ৫ মার্চের মধ্যে রেজিস্ট্রার অফিসের উচ্চশিক্ষা ও গবেষণা শাখায় অফিস সময়ের মধ্যে জমা দিতে হবে।
আরো পড়ুন : কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা
এমফিল প্রোগ্রামে আবেদনের যোগ্যতা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশের অন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী প্রার্থীরা এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিদেশি বিশ্ববিদ্যালয়ের সমমানের ডিগ্রিধারী প্রার্থীরাও এমফিল প্রোগ্রামে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন। এমফিল প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে নিজ নিজ বিভাগ/ ইনস্টিটিউট/গবেষণাকেন্দ্র কর্তৃক গবেষণা প্রস্তুতি এবং বিষয়ভিত্তিক জ্ঞানের বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার জন্য নির্ধারিত ফি সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট/গবেষণাকেন্দ্রে নগদ জমা দিতে হবে।
আবেদনের সাধারণ যোগ্যতা: ১. এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীদের এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম বা সমমানের পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ এবং অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় মোট সিজিপিএ/জিপিএ কমপক্ষে ৬ দশমিক ৫০ এবং প্রতিটিতে ন্যূনতম সিজিপিএ/জিপিএ ৩ থাকতে হবে। ২. পাঁচ বছর মেয়াদি এমবিবিএস/বিডিএস/বি.ফার্ম, ডিগ্রিধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। ৩. শ্রেণিভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনার্স-মাস্টার্স উভয় পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি এবং এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বরসহ দ্বিতীয় বিভাগ থাকতে হবে। ৪. বিদেশি প্রার্থীদের আইইএলটিএসে স্কোর ন্যূনতম ৬ বা টোয়েফলের স্কোর ন্যূনতম ৫৫০ বা আইবিটিতে ন্যূনতম স্কোর ৭৫ অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমমানের ইংরেজি দক্ষতার সনদ থাকতে হবে। ইংরেজি ছাড়া অন্য ভাষায় যেসব গবেষক থিসিসের কাজ সম্পাদন করবেন তাদের জন্য এ ধারাটি প্রযোজ্য হবে না।
পিএইচডি প্রোগ্রামে আবেদনের যোগ্যতা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশের অন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। পিএইচডি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট/গবেষণাকেন্দ্র কর্তৃক গবেষণা প্রস্তুতি এবং বিষয়ভিত্তিক জ্ঞানের বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার জন্য নির্ধারিত ফি সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট/গবেষণাকেন্দ্রে নগদ জমা দিতে হবে।
আবেদনের সাধারণ যোগ্যতা: ১. পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীদের এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম বা সমমানের পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ এবং অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় মোট সিজিপিএ/জিপিএ কমপক্ষে ৬ দশমিক ৭৫ এবং প্রতিটিতে ন্যূনতম সিজিপিএ/জিপিএ ৩ দশমিক ২৫ থাকতে হবে।
২. শ্রেণিভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনার্স ও মাস্টার্স উভয় পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। এসএসসি/দাখিল ও এইচএসসি/ আলিম বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বরসহ দ্বিতীয় বিভাগ থাকতে হবে। ৩. বিদেশি প্রার্থীদের আইএলটিএস স্কোর ন্যূনতম ৬ বা টোয়েফল স্কোর ন্যূনতম ৫৫০ বা আইবিটিতে ন্যূনতম স্কোর ৭৫ অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমমানের ইংরেজি দক্ষতার সনদ থাকতে হবে। ইংরেজি ছাড়া অন্য ভাষায় যেসব গবেষক থিসিসের কাজ সম্পাদন করবেন তাদের জন্য এ ধারাটি প্রযোজ্য হবে না।
বিভিন্ন এন্ট্রি ট্র্যাকে আবেদনের যোগ্যতা: ১. দেশি/বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রিধারী অথবা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রিধারী আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
২. স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মোট সিজিপিএ/জিপিএ ৭ এবং প্রতিটিতে ন্যূনতম সিজিপিএ/জিপিএ ৩ দশমিক ২৫ এবং peer-reviewed journal-এ প্রকাশিত কমপক্ষে একটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। ৩. স্বীকৃত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানে অনার্স ও মাস্টার্স কোর্সে পাঁচ বছরসহ সাত বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকরা এবং ওই শিক্ষকতা জীবনে peer-reviewed journal-এ প্রকাশিত কমপক্ষে একটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। ৪. এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যাদের peer-reviewed journal-এ প্রকাশিত কমপক্ষে একটি গবেষণা প্রবন্ধ আছে তারা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ৫. পাঁচ বছর মেয়াদি এমবিবিএস/বিডিএস/ বি.ফার্ম ডিগ্রিধারী প্রার্থীরা, যাদের peer-reviewed journal-এ দুটি প্রকাশনা আছে তারা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ৬. সরকারি/সরকারি-অধিভুক্ত/ স্বায়ত্তশাসিত গবেষণাপ্রতিষ্ঠানে তিন বছরের চাকরির অভিজ্ঞতাসম্পন্ন গবেষণা কর্মকর্তা, যাদের স্বীকৃত জার্নালে প্রকাশিত কমপক্ষে তিনটি গবেষণা প্রবন্ধ আছে তারা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এমফিল ও পিএইচডি প্রোগ্রামের বিস্তারিত তথ্য ও আবেদন ফরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) থেকে সংগ্রহ করা যাবে।
কবীর