নন্দিত অভিনেতা মোশাররফ করিম। নাটক, সিনেমা ও ওয়েব সিজির সব মাধ্যমেই সমান জনপ্রিয় তিনি। অভিনয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই অভিনেতা। এদিকে বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। মোশাররফ করিমের বিপরীতে বেশি কাজ করার সুযোগ হয়নি তার।
এর আগে ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘আশা বেঁধে রাখি’, ‘গার্লফ্রেন্ড’, ‘নয় ছয়’ , ‘আগে যদি জানতাম’ নাটকে জুটি বেঁধেছিলেন মোশাররফ করিম ও কেয়া পায়েল। চার বছর পর আবারও একসঙ্গে অভিনয় করলেন তারা। নাটকের নাম ‘মি. অভাগা’।
নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন, পরিচালনা করেছেন রাকেশ বসু। গাজীপুরের উলুখোলা এলাকায় এর শুটিং সম্পন্ন হয়েছে।
নাটকটি সম্পর্কে মোশাররফ করিম বলেন, ‘অভিনয়ের প্রতি কেয়া পায়েলের আন্তরিকতা আছে। সে ভালো অভিনয় করছে। নাটকের গল্পটি দারুণ। আমার বিশ্বাস, দর্শকদের ভালো লাগবে।’
কেয়া পায়েল বলেন, ‘নাটকে যখন মোশাররফ ভাই থাকেন, তখন আমার ভেতর অনেক বেশি ভালো লাগা কাজ করে। পরিচালকের পাশাপাশি তিনি নিজেও কাজটি ভালো করার দায়িত্ব নেন। তার মধ্যে একটা ম্যাজিক আছে। ওনার মতো একজন অভিনেতার সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। আমার বিশ্বাস, আমাদের এই নতুন কাজটি সবার ভালো লাগবে।’
শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা রাকেশ বসু।
হাসান