দিন যত বাড়ছে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার বক্স অফিসের সংগ্রহও তত বাড়ছে। মুক্তির ১৮ দিনের মাথায় সিনেমাটি ১৬০০ কোটি টাকার উপরে আয় করেছে। অপরদিকে পাল্লা দিয়ে বাড়ছে ছবির নায়ক আল্লু আর্জুনকে ঘিরে বিতর্ক ও বিক্ষোভ। সিনেমা হলে এক নারীর মৃত্যু ও তার সন্তানের গুরুতর আহত হওয়ার ঘটনাটি এখন আর বিনোদন অঙ্গনে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনেও। এবার আল্লু আর্জুনের হায়দ্রাবাদের জুবিলি হাউসের বাড়িতে বিক্ষোভ দেখানোর সময় একদল মানুষ পাথর ছুড়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত রবিবার (২২ ডিসেম্বর) আল্লু আর্জুনের বাড়ির সামানে চিকিৎসাধীন কিশোর শ্রী তেজের জন্য বিচারের দাবিতে ব্যানার ও পোস্টার নিয়ে জড়ো হয়েছিলেন একদল বিক্ষোভকারী। অভিনেতার বিশাল বাড়ির সামনে তার জবাবদিহি চেয়ে স্লোগান দিতে থাকেন তারা। সেখান থেকেই কাউকে কাউকে পাথর ছুড়তে দেখা গেছে। ভাঙচুর করা হয়েছে বাড়ির সামনে থাকা কিছু ফুলগাছের টবও। এসময় বিক্ষোভকারীরা এক কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেন।

ঘটনার পর সামাজিক যোগাযোমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন পুষ্পা অভিনেতা।
তিনি লিখেছেন, ‘আমি আমার সকল ভক্তকে অনুরোধ জানাব, তারা যেন আবেগ প্রকাশের সময় দায়িত্বজ্ঞান বজায় রাখেন। যেমন তারা সব সময়ই করে থাকেন।’
তিনি আরও লেখেন, ‘অনলাইন বা অফলাইনে কোনও অশালীন মন্তব্য বা আচরণ করা থেকেও বিরত থাকুন।’
শুধু তাই নয়, হুঁশিয়ারি দিয়ে আল্লু আর্জুন জানিয়েছেন, কোনও ভুয়া প্রোফাইল থেকে তার ভক্ত সেজে যদি কেউ এমন কোনও কাজ করেন তা হলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন তিনি।
নিজের ভক্তদের অনুরোধ জানিয়ে তিনি লিখেন, ‘এ ধরনের কোনও পোস্টের সঙ্গে জড়িয়ে পড়বেন না।’
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের এক প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। তার নাবালক পুত্রও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সম্প্রতি জানা গেছে, চিকিৎসকেরা আশঙ্কা করছেন ওই কিশোরের মস্তিষ্কের মৃত্যু ঘটেছে ইতোমধ্যে।
এ ঘটনায় এর আগেই গ্রেফতার করা হয়েছিল তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনকে। যদিও পরের দিনই তিনি জামিনে ছাড়া পান। হাত জোড় করে জানিয়েছিলেন, তিনি দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশেই আছেন। প্রয়োজনে গুরুতর আহত কিশোরের চিকিৎসার সমস্ত দায়ভার নিতেও প্রস্তুত তিনি।
এরপর গত শনিবার অল্লু দাবি করেন, ওই ঘটনা নিয়ে একাধিক ভুল সংবাদ ছড়িয়েছে। বিষয়টিকে ‘অপমানজনক’ বলে উল্লেখ করে তা তার চরিত্র হননের সঙ্গে তুলনা করেছেন তিনি।
অভিনেতার এমন মন্তব্যের দিনই তেলঙ্গানা বিধানসভায় ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) বিধায়ক ও হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির ভাই আকবরউদ্দিন ওয়েইসি বলেন, ‘আমার কাছে যা খবর আছে, সেই তথ্য অনুসারে, যখন ওই অভিনেতা পদদলিত হওয়া এবং তাতে এক জনের মৃত্যুর কথা শুনেছিলেন, তখন তিনি বলেছিলেন, ‘এ বার সিনেমাটা হিট হবে!’
তেলঙ্গানায় ক্ষমতাসীন কংগ্রেস ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনার নিন্দা করেছে অনেক আগেই। বিধানসভাতেই অভিনেতাকে কটাক্ষ করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এদিকে বিজেপি ও বিআরএস আল্লু আর্জুনের পাশে দাঁড়িয়েছে বলে জানা গেছে।
হাসান