চলতি মাসের ১১ তারিখ থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে চলেছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)। উৎসবে ৫টি ভারতীয় সিনেমা প্রদর্শন করা হবে। তালিকায় রয়েছে ‘পদাতিক, ‘বেলাইন’, ‘ক্লার্ক’, ‘ইন দ্য বেলি অব অ্যা টাইগার’ এবং ‘স্বাহা’। জানা গেছে, উৎসবটির প্রতিযোগিতামূলক ও অ-প্রতিযোগিতামূলক বিভাগে সিনেমাগুলো প্রদর্শন করা হবে। তবে ভারত থেকে এবারের উৎসবে আসছেন না কোনো প্রতিদিন দল। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।
গত ডিসেম্বরেই ভারতে অনুষ্ঠিত হল ৩০তম কলকাতা আন্তর্জাতিক সিনেমা উৎসব। তবে সেখানে বাংলাদেশি কোনো সিনেমা প্রদর্শন করা হয়নি।
ঢাকা চলচ্চিত্র উৎসবে ভারতীয় সিনেমা প্রদর্শন সম্পর্কে নিশ্চিত করেছেন উৎসবটির মিডিয়া ইনচার্জ বিধান রেবিরু। তিনি বলেন, ‘আমরা আশা করি ডিআইএফএফ-এর ২৩তম আসর আগের বছরের মতোই দর্শক এবং চলচ্চিত্র প্রেমীদের আকর্ষণ করবে। আমরা উচ্ছ্বসিত যে, এই বছর বেশ কয়েকটি ভালো ভারতীয় চলচ্চিত্র প্রদর্শিত হবে। ভারতীয় স্বাধীন চলচ্চিত্রগুলো বাংলাদেশে বেশি প্রশংসিত হয়। উৎসবে জটলা সিদ্ধার্থের ‘ইন দ্য বেলি অফ অ্যা টাইগার’ এবং সৌমিক রায় চৌধুরীর ‘বেলাইন’ এশিয়ান প্রতিযোগিতা বিভাগে, উজ্জ্বল পালের শর্ট ফিল্ম ‘ক্লার্ক’ স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র বিভাগে, অভিলাশ শর্মার ‘স্বাহা (ইন দ্য নেম অফ ফায়ার)’ আধ্যাত্মিক সিনেমা বিভাগে প্রদর্শিত হবে। উৎসবে সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমাটি প্রধান আকর্ষণের জায়গা হবে। কারণ, এটি বিখ্যাত ভারতীয় নির্মাতা ও লেখক মৃণাল সেনের বায়োপিক সিনেমা, যার জন্ম হয়েছিল বাংলাদেশে। আর পর্দায় মৃণাল সেনের ভূমিকায়ও অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।’
সৃজিত মুখার্জী জানিয়েছেন, ‘পদাতিক’ উৎসবটির উদ্ধোধনী অংশে প্রদর্শনী করা হবে। সিনেমাটির প্রযোজক ফিরদাউসুল হাসান বলেন, ‘আমি বাংলাদেশে সিনেমাটি মুক্তি দিতে পারিনি। তবে আমি সত্যিই অনেক আনন্দিত যে, অবশেষ ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের মাধ্যমে দর্শকরা এটি দেখতে পাবেন।’
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজেদের সিনেমা প্রদর্শনের ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমাগুলোর নির্মাতারা। তবে ৫টি সিনেমার কোনো পরিচালক ই চলচ্চিত্র উৎসবে ঢাকায় আসছেন না।
এ সম্পর্কে বিধান রেবিরু বলেন, ‘ডিআইএফএফ-এর এবারের আয়োজনটি ছোট পরিসরে করা হচ্ছে। এর মূল কারণ বাজেট স্বল্পতা।’
নির্মাতা সৃজিত মুখার্জীও উৎসবে অংশগ্রহণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।
ক্লার্ক সিনেমার নির্মাতা উজ্জ্বল পাল বলেন, ‘আমি উৎসবে উপস্থিত হতে চেয়েছিলাম। তবে আয়োজকরা আমাকে মেইল করে জানিয়েছেন যে, বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে অনুষ্ঠান বড় করা ও আমন্ত্রণ জানাতে তারা অক্ষম। আমি বিশ্বাস করি, পারস্পারিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে দুই দেশের মধ্যে আরও সাংস্কৃতিক বিনিময় হওয়া উচিত।’
‘বেলাইন’ সিনেমার নির্মাতা সৌমিক রায় চৌধুরী বাংলাদেশ আসতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি যদি আয়োজকদের কাছ থেকে আনুষ্ঠানিক মেইল পেতাম তাহলে নিশ্চিতভাবে ঢাকার চলচ্চিত্র উৎসবে যোগদান করতাম।’
উল্লেখ্য, আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে ২৩তম ঢাকা চলচ্চিত্র উৎসব। কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ১১ জানুয়ারি শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এটি আয়োজিত হবে বাংলাদেশ জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে।
হাসান


.jpg)