নাট্য সংগঠন বটতলা এবং যাত্রিক-এর যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’। এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামী ২০ ও ২১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় পরপর দুই দিন নাটকটি প্রদর্শিত হবে। আমেরিকান প্রখ্যাত ইতিহাসবিদ ও তাত্ত্বিক হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত নাটকটি নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ।
নাটকটি প্রথম মঞ্চে আসে ২০২১ সালের অক্টোবরে। করোনা-উত্তর সময়ে ঢাকার নাট্যাঙ্গন জাগিয়েছিল প্রযোজনাটি। গত বছরের শেষ দিকে টানা পাঁচ প্রদর্শনীর পর এবার পরপর দুই দিনে দুটি প্রদর্শনী হবে।
মৃত্যুর প্রায় ১০০ বছর পর কার্ল মার্ক্স কি সত্যি সোহোতে বা পৃথিবীতে ফিরেছেন? ফেরার প্রয়োজনীয়তাও কি আছে? এমন অস্থির সময়ে মানুষের মুক্তি কোথায়? গোটা বিশ্ব যেখানে পুঁজিবাদের দাস, সেখানে কার্ল মার্ক্স কি ফিরছেন এসব থেকে উত্তরণের পথ দেখাতে? এসব জানা যাবে নাটকের নানা স্তরে, বোঝা যাবে শুধু একজন দার্শনিক নন, এক ব্যক্তি কার্ল মার্ক্সকেও।
এ প্রসঙ্গে নাটকটির অনুবাদক জাভেদ হুসেন বলেন, ‘মার্ক্সের ভাবনা আর সংগ্রাম মানুষের প্রতি আকুল ভালোবাসার ফল। তার রুখে দাঁড়াবার ডাক দেখায় কেন এই সংকটকালে তাকে যেকোনো সময়ের চাইতে বেশি প্রয়োজন। কার্ল মার্ক্স মানুষের সম্ভাবনা সত্য করার যে প্রয়োজনের কথা বলেছেন তা বাংলাভাষী পাঠকদের কাছে হাজির করার জন্য এর অনুবাদ করা হয়েছে। অনূদিত বইটি এবার স্বরূপে আসছে, মানে নাটক হয়ে মঞ্চস্থ হচ্ছে। নাটকটি বাংলাভাষীদের নতুন করে এই জগৎকে নিয়ে ভাবতে, বুঝতে আর একে বদলের কাজে নামতে কাজে লাগুক।
উল্লেখ্য, ইতোমধ্যেই প্রদর্শনীর টিকিট পাওয়া যাচ্ছে বটতলার ওয়েব সাইটে। পরিচয়পত্র প্রদর্শনসাপেক্ষে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট শ্রেণির টিকিটে থাকছে ৫০ শতাংশ ছাড়।
হাসান


.jpg)