প্রতারণার মামলায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দেন।
আবদুল আজিজের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা করেন ‘পাপ’ ছবির চিত্রনায়িকা জাকিয়া কামাল মুন। সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সাঈদ শিমুল জানান, আসামির বিরুদ্ধে ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমাটি নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন চিত্রনায়িকা মুন। ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিল। অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরও তিনি উপেক্ষা করেছেন। উল্টো গত বছরের মে মাসে ‘পাপ’ ছবিটি একটি ওটিটির কাছে ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করে দেন।
ওই নথিতে আরও লেখা রয়েছে, আবদুল আজিজ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি এই বলে হুমকিও দিয়েছেন যে, ‘বেশি বাড়াবাড়ি করিলে বাদীর ক্যারিয়ার ধ্বংস করে দেবেন’।
এ বিষয়ে মামলার বাদী চিত্রনায়িকা জাকিয়া কামাল মুন খবরের কাগজকে বলেন, ‘আমি বারবার টাকা ফেরত চেয়েছি, তিনি দেননি। এমনকি আমার ফোনও ধরছেন না। উল্টো নানা ভয়-ভীতি দেখা দেখাচ্ছেন। তাই বাধ্য হয়েই মামলা করেছি।’
এ চিত্রনায়িকা জানান, এর আগেও জাজ মাল্টিমিডিয়ার বেশ কয়েকটি ছবিতে তিনি অর্থ বিনিয়োগ করেছেন। আবদুল আজিজের প্রযোজনা সংস্থার সঙ্গে তার আরও কয়েকটি কাজ করার কথাও ছিল। কিন্তু তিনি টাকা ফেরত দেওয়া নিয়ে নানা তালবাহানা করছেন।
তিনি বলেন, ‘আমি বারবার টাকা ফেরত চেয়েছি, তিনি দেননি। গত নভেম্বরে ‘পাপ-২’ ছবির শুটিং শুরু হওয়ার কথা। তিনি ফোন ধরছেন না। অথচ এই ছবি আসছে কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা। টাকা চাইলেই বলে তার নামে নাকি রাষ্ট্রীয় মামলা আছে, সে জন্য কারও টাকাই দিচ্ছে না।’
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবরের কাগজকে বলেন, ‘এ মুহূর্তে আমি জরুরি একটি মিটিংয়ে আছি। মিটিং শেষ করে কল দিচ্ছি।’
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া খবরের কাগজকে বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানার কাগজ এখনো আমাদের হাতে আসেনি। কাগজ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’
প্রসঙ্গত, ২০১২ সালে প্রথম মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়ার নির্মিত সিনেমা ‘ভালোবাসার রঙ’। এরপর প্রতিষ্ঠানটির ব্যানারে একাধিক ছবি মুক্তি পেয়েছে। তবে সেসবের চেয়ে জাজের কর্ণধার আজিজের ব্যক্তিগত জীবনের নানা বিতর্কিত কর্মকাণ্ড বেশি আলোচনায় উঠে এসেছে।
মেহেদী/ কলি