বাংলাদেশের প্রথম ম্রো ভাষার চলচ্চিত্র ‘কিওরি পেক্রা উও’ যার ইংরেজি অনুবাদ Dear Mother, এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। আজ বুধবার ক্যামব্রিজ স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইন্ডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ ক্যাম্ব্রিজের আয়োজনে এই ঐতিহাসিক স্ক্রিনিং অনুষ্ঠিত হবে।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ৬৭ মিনিটের চলচ্চিত্রটি এরই মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে, যেখানে এটি আদিবাসী প্রতিনিধিত্ব, কমিউনিটি-ভিত্তিক নির্মাণপ্রক্রিয়া, এবং পুঁজিবাদী বাধার বাইরে শিল্পের সম্ভাবনা নিয়ে গভীর আলোচনা তৈরি করেছে।
আন্তর্জাতিক পর্যায়েও এর যাত্রা অব্যাহত রয়েছে—এটি কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার মতো মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রদর্শিত হয়েছে। এবার বিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রটির প্রদর্শনী এর মুকুটে একটি গুরুত্বপূর্ণ পালক যুক্ত করল। পরিচালক এসকে শুভ সাদিক শুরু থেকেই চলচ্চিত্রটিকে শুধু একটি সৃষ্টিশীল প্রয়াস নয়, বরং একটি আন্দোলন হিসেবে দেখেছেন।
তিনি বলেন, ‘এটি শুধু একটি চলচ্চিত্র নয়; এটি এক ধরনের ঘোষণাপত্র, একটি প্রতিরোধ, একটি প্রমাণ যে সিনেমা কোনো করপোরেশন বা বিনিয়োগকারীদের সম্পত্তি নয়—এটি তাদের, যারা সাহস করে নিজেদের গল্প বলে। আমরা অতি সীমিত বাজেটে কাজ করেছি, কিন্তু প্রমাণ করেছি যে সিনেমার সফলতা টাকার অঙ্কে নয়, বরং এর ক্ষমতায় এবং হারিয়ে যেতে বসা কণ্ঠগুলোকে সংরক্ষণ করার। এখন প্রযুক্তি আমাদের হাতে; আমাদের আর প্রচলিত সিনেমার ছক মেনে চলতে হবে না। সময় এসেছে নতুন আখ্যান খোঁজার, বাধা ধরা কৌশল থেকে বেরিয়ে আসার এবং সিনেমাকে শিল্প হিসেবে পুনরুদ্ধার করার।’
/শাকিল