এই প্রজন্মের কণ্ঠশিল্পী তামান্না প্রমি। নিয়মিত মৌলিক গান প্রকাশের পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে এবার ক্যারিয়ারের প্রথম আইটেম সং নিয়ে দর্শকের মাঝে হাজির হতে যাচ্ছেন এই গায়িকা। গানটির শিরোনাম ‘যা বলে দে’। গানের কথা, সুর ও সংগীত করেছেন মুম্বাইয়ের রজত ঘোষ।
গানটির ভিডিও নির্মাণকাজ চলছে। ব্ল্যাক পেপার প্রোডাকশনের ব্যানারে এটি নির্মাণ করছেন শিপন মিত্র। মিউজিক ভিডিওটি প্রমির নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘তামান্না প্রমি’তে প্রকাশ পাবে।
গানটি নিয়ে তামান্না প্রমি বলেন, ‘আমার ভক্ত-দর্শক যেভাবে আমাকে গানের ভিডিওতে দেখেছেন। এই গানে একেবারেই আলাদাভাবে দেখতে পাবেন। এই গানে নাচ করেছি। গানের পারফরম্যান্সে আমি আমার নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। যেহেতু প্রথম আমার কণ্ঠে আইটেম সং এবং গানের ভিডিওতে আমি নেচেছি, পাশাপাশি গানের কথা, সুর ও সংগীত এক কথায় দারুণ। সে কারণে গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ‘মিউজিক আলফা’ থেকে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটি গেয়েছেন প্রমি। সংগীতায়োজন করেছেন শান শায়েক। গানে প্রমির সঙ্গে আরও গেয়েছেন সাব্বির জামান, শান শায়েক, বনি প্রমুখ।
এ ছাড়া ডিজে রাহাতের রিডো প্রজেক্টে প্রমি একটি মৌলিক গান ও একটি ফোক গান গেয়েছেন। ডিজে রাহাতের পিয়ানো প্রজেক্টে রাধা রমনের একটি গানও গেয়েছেন এই গায়িকা।
/শাকিল