বিশ্বখ্যাত কে-পপ গার্লগ্রুপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’। দুনিয়া জুড়ে রয়েছে তাদের অসংখ্য ভক্ত-অনুরাগী। তাদের নতুন অ্যালবামের জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। এবার অপেক্ষার অবসান হতে চলেছে। এমনই জানা গেছে এল ওয়াইজি এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা ইয়াং হিউক সুকের এক মন্তব্যে।
এক ভিডিওবার্তায় হিউক সুক আনুষ্ঠানিকভাবে জিসু, জেনি, রোজে ও লিসার নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনার কথা জানান। ইয়াং হিউক সুক জানান, নভেম্বরের মধ্যেই নতুন অ্যালবাম প্রকাশের লক্ষ্যে কাজ চলছে। এরপর বলেন, অনেকেই ব্ল্যাকপিঙ্কের নতুন অ্যালবাম নিয়ে জানতে চাইছেন। আমি জানি, দলটির সদস্যরা ও তাদের প্রযোজকরা কঠোর পরিশ্রম করছেন। নভেম্বরের মধ্যেই আমরা অ্যালবাম প্রকাশের জন্য কাজ চালাচ্ছি। সর্বোচ্চ চেষ্টা করা হবে দ্রুত অ্যালবামটি বের করার।
ব্যান্ডটি আগেই জানিয়েছিলেন, টানা বিশ্বভ্রমণ কনসার্ট থেকে দুই মাসের বিরতি নিয়ে নতুন গান রেকর্ডিং ও ভিডিও শুটের কাজে যুক্ত হবে ব্ল্যাকপিঙ্ক। সম্প্রতি ব্ল্যাকপিঙ্ক তাদের ডেডলাইন ওয়ার্ল্ড ট্যুরের ইউরোপীয় অংশ শেষ করেছে। এর আগে তারা দক্ষিণ কোরিয়া ও উত্তর আমেরিকায় কনসার্ট করেছে। তবে তাদের পরবর্তী কনসার্টের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।
তবে অনুমান করা হচ্ছে, নভেম্বরে অ্যালবাম প্রকাশের পরই আবারও মঞ্চে ফিরবেন তারা। ওয়ার্ল্ড ট্যুর শেষ হবে আগামী ২০২৬ সালের জানুয়ারিতে, হংকংয়ে দুই রাত কনসার্টের মধ্যদিয়ে। ব্ল্যাকপিঙ্কের ‘ডিজিটাল সিঙ্গেল জাম্প’ সর্বশেষ প্রকাশিত গান ছিল।
/এসএল