দুবারের অস্কারজয়ী হলিউড অভিনেত্রী এমা স্টোন। একাডেমি অ্যাওয়ার্ডের ৯৬তম আসরে সেরা অভিনেত্রীর অস্কার জয় করা এই তারকা শিগগিরই ইয়োর্গোস ল্যান্থিমোস পরিচালিত ব্যঙ্গাত্মক সায়েন্স ফিকশন ডার্ক কমেডি ছবি ‘বুগোনিয়া’তে অভিনয় করতে যাচ্ছেন। ছবিতে এমাকে একজন প্রভাবশালী ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইওর চরিত্রে দেখা যাবে।
সিনেমায় তাকে এক নিম্নপদস্থ কর্মচারী (জেসি প্লেমন্স) অপহরণ করে। সেই কর্মচারীর বিশ্বাস, তার বস (এমা স্টোন) আসলে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির এক এলিয়েন যিনি মানবজাতি ধ্বংসের পরিকল্পনা করছেন। এভাবেই ছবির গল্প এগিয়ে যায়।
বিনোদন-ভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি তাদের প্রতিবেদনে জানায়, ‘বুগোনিয়া’ দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিনেমা ‘সেভ দ্য গ্রিন প্ল্যানেট’-এর রিমেক। আর এই ছবির প্রধান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন এমা স্টোন। পাশাপাশি ছবিটির প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে টেলুরাইড ফিল্ম ফেস্টিভ্যালে এক প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হন এমা। সেখানে তিনি জানান, ছবির কাহিনি বাস্তব জীবনের একটি ঘটনাকে ভয়ংকরভাবে মনে করিয়ে দেয়। তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা কোম্পানি ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনের হত্যাকাণ্ড এবং অভিযুক্ত লুইজি ম্যাঙ্গিওনের মামলার সঙ্গে সিনেমার কাহিনির অদ্ভুতভাবে মিল রয়েছে।
স্টোন বলেন, ‘অদ্ভুত ব্যাপার হলো, আমরা শুটিং শেষ করার কিছুদিন পরই শুনলাম নিউইয়র্কের রাস্তায় স্বাস্থ্যসেবার একজন সিইও গুলিবিদ্ধ হয়েছেন। আমরাও তখন নিউইয়র্কেই ছিলাম। এটি ছিল ভয়াবহ মিল।’
চলতি বছর ২৮ আগস্ট ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বুগোনিয়া’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ফোকাস ফিচারসের ব্যানারে সিনেমাটি এ বছরের ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তির কথা রয়েছে।
স্টোন শঙ্কা প্রকাশ করে আরও বলেন, ‘শুটিংয়ের সময় আমরা প্রায়ই বেসমেন্টে বসে এসব কাহিনির গভীর তাৎপর্য নিয়ে আলোচনা করতাম। আমার বারবার মনে হয়, পৃথিবী আসলে নানা ভয় ও অস্থিরতায় ভরপুর।’
/এমএস