অভিনতো তৌসিফ মাহবুব। কভিড-পরবর্তী ফুসফুসের সমস্যার পরও হার মানেননি তিনি। এবার ম্যারাথনে অংশ নিয়ে ২ ঘণ্টা ৪৭ মিনিটে ২১ কিলোমিটার দৌড় শেষ করেন তিনি। এ সময় তার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর হাতিরঝিলে অ্যাক্টিভ প্লাস বাংলাদেশ আয়োজিত ‘হাফ ম্যারাথন ২০২৫’-এ কয়েক হাজার দৌড়বিদের সঙ্গে অংশ নিয়েছিলেন তৌসিফ। তবে এই ম্যারাথন শেষ করতে পারবেন বলে ধারণাও ছিল না তার। অবশেষে নিজের ধারণাকে নিজেই ভেঙেছেন তৌসিফ। এই অভিনেতা জানান, কোভিডের পর ৫ মিনিট হাঁটলেই হাঁপিয়ে উঠতেন তিনি। সেখানে ২১ কিলোমিটার দৌড়ানো ছিল তার জন্য প্রায় অসম্ভব।
তৌসিফ মাহবুব বলেন, ‘২১ কিমি ম্যারাথন শেষ করতে পারব, এটা আমি কখনো কল্পনাই করিনি। কারণ, কভিড হওয়ার পর ১০০ মিটার হাঁটতে গেলে আমার দশ মিনিট বসে থাকতে হতো, বিশ্রাম নিতে হতো। সেখানে এতটা পথ দৌড়ানো সহজ ছিল না। এটা মুখে বলা যত সহজ বাস্তবে অনেক কঠিন। দেখছিলাম, অনেকেই মাঝপথে অসুস্থ হয়ে যাচ্ছিলেন। তাদেরকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরেও আমি থামিনি, পুরো ২১ কিমিই শেষ করেছি।’
ম্যারাথনে ফিলিস্তিনের পতাকা হাতে নেওয়া বিষয়ে তৌসিফ বলেন, ‘ম্যারাথনের মাঝপথে দেখি, একজন ভাই (দৌড়বিদ) ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে দৌড়াচ্ছেন। সেটা দেখে আমি খুব অনুপ্রাণিত হই এবং তার কাছে অনুরোধ করি পতাকাটা দেওয়ার জন্য। তিনি ফিলিস্তিনের পক্ষে যে বার্তাটি পৌঁছে দিতে চেয়েছিলেন, সেটাই আমি নিজের হাতে বহন করি এবং পতাকাটি নিয়েই আমি পুরো ২১ কিলোমিটার দৌড় শেষ করি।’
/এমএস