এ সময়ের ছোটপর্দার তারকা অভিনেত্রী তানজিন তিশা। নাটক, টেলিফিল্ম, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই অসংখ্যবার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও বরাবরই তা ফিরিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। মনের মতো গল্প না পাওয়ায় অপেক্ষা করেছেন দীর্ঘদিন। অবশেষে ছোট পর্দা পেরিয়ে বড় পর্দায় নাম লেখালেন তানজিন তিশা।
কিছুদিন আগেই কলকাতার একটি সিনেমায় অভিনয় করার খবর দিয়েছিলেন তিনি। রোমান্টিক গল্পের ‘ভালোবাসার মরসুম’ সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা এম এন রাজ। সিনেমাটিতে তানজিন তিশার সঙ্গে দেখা যাবে বলিউডের ‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা শারমান যোশিকে।
বাংলাদেশ থেকে খাইরুল বাসারের অভিনয় করার কথা থাকলেও পরে এ সিনেমা থেকে সরে দাঁড়ান তিনি। সিনেমাটিতে রয়েছে সম্পর্ক, বন্ধুত্ব ও পরিবারের গল্প। তানজিন তিশাকে ঘিরেই পুরো ছবির গল্প এগিয়ে যাবে। এতে আরও অভিনয় করবেন বর্তমান সময়ের কলকাতার আলোচিত অভিনেত্রী সুস্মিতা। সিনেমায় কাজের চুক্তিও সম্পন্ন করেছেন তিশা। এমনটি নিশ্চিত করেছেন নির্মাতা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ে সিনেমাটির শুটিং শুরুর কথা থাকলেও পরে এর কোনো আপডেট পাওয়া যায়নি।
কলকাতার সিনেমায় তানজিন তিশার অভিষেক হচ্ছে এটা ভেবে দেশি সিনেমার দর্শকদের গর্ব হলেও কিছুটা মন খারাপ ছিল। কারণ তিশাকে বাংলাদেশের বড় পর্দায় দেখার আগ্রহ ছিল দর্শকদের বহুদিনের। সেই আক্ষেপ অবশেষে ঘুচল। তানজিন তিশা এবার দেশের সিনেমায় প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন। তাও আবার জনপ্রিয় তারকা শাকিব খানের বিপরীতে দেখা যাবে তিশাকে।
শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’। এর শুটিং শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। রবিবার (৫ অক্টোবর) বিকেল থেকে ছবির প্রথম ধাপের চিত্রায়ণ শুরু হয়। যদিও শুটিং শুরু হলেও এতে এখনো যোগ দেননি শাকিব খান। সংশ্লিষ্ট একাধিক শিল্পী ও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুরুতে মূলত পার্শ্বচরিত্র ও পরিবেশনির্ভর কিছু দৃশ্য ধারণ করা হচ্ছে। দ্বিতীয় লট থেকে শাকিব খানসহ প্রধান চরিত্রে থাকা শিল্পীরা অংশ নেবেন শুটিংয়ে।
এ ছবিতেই শাকিব খানের বিপরীতে তানজিন তিশা শুটিংয়ে অংশ নেবেন আগামী ১৫ অক্টোবর থেকে। বিভিন্ন সূত্র এমনটি নিশ্চিত করেছেন। সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ।
সিনেমা নিয়ে নির্মাতা বলেন, ‘আমরা একটি দেশপ্রেমনির্ভর গল্প বলার চেষ্টা করছি। এর মধ্যে থাকবে আধুনিক সমাজের বাস্তবতা, মানুষের চিন্তাভাবনা এবং আবেগ।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে শাকিব ভাইকে দর্শক যেভাবে দেখে এসেছেন, এবার আমরা তাকে পুরোপুরি নতুনভাবে উপস্থাপন করতে চাই। সোলজার-এ তিনি হবেন সেই সাধারণ মানুষের প্রতিনিধি, যাদের স্বপ্ন, যন্ত্রণা আর সংগ্রামের গল্প উঠে আসবে।’
এক ভিডিওবার্তায় সিনেমাটির বিষয়বস্তু নিয়ে শাকিব খানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে নির্মাতা ফাহাদ বলেন, ‘আমরা দেশপ্রেম নিয়ে একটা গল্প করার চেষ্টা করছি। বর্তমান সময়ের মানুষের মধ্যে যে সামগ্রিক ভাবনা, চিন্তা আর বাস্তবতা, সেই গল্পই তুলে ধরার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, ‘ঈদ ছাড়া অন্য সময়েও যদি ভালো সিনেমা মুক্তি পায়, তাহলে হলমালিক থেকে শুরু করে পরিবেশক, প্রযোজক- সবাই লাভবান হবেন।’
ছবির অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, নির্মাতা অভিনেতা তৌকীর আহমেদ এবং ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী।
উল্লেখ্য, শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’। গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।
/এমএস
.jpg)
