জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই ছিলেন মিডিয়া ও প্রেক্ষাগৃহের বাইরে। করোনার পর থেকেই তিনি অভিনয়জগৎ থেকে আড়ালে ছিলেন। গত ফেব্রুয়ারিতে পপি জানান, তিনি ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন এবং তাদের সংসারে জন্ম নিয়েছে এক পুত্রসন্তান, আয়াত।
বর্তমানে তিনি পুরোপুরি সংসার ও মাতৃত্ব নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি পপি পরিবারসহ ওমরাহ হজ পালনে সৌদি আরব গেছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করে বলেন, “আমরা পুরো পরিবার নিয়ে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।”
এদিকে গেল শুক্রবার দেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপির অভিনীত নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। প্রায় ছয় বছর পর বড় পর্দায় পপির নতুন কোনো ছবি মুক্তি পেল। তবে সিনেমাটির প্রচারণায় কোথাও দেখা যায়নি এই অভিনেত্রীকে। এর আগে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘দ্য ডিরেক্টর’। গত মাসে পপি জানিয়েছিলেন, তিনি শিগগিরই প্রযোজক হিসেবে চলচ্চিত্রে ফিরবেন। তখন তিনি বলেছিলেন, ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তির আগে প্রচারণায় অংশ নেবেন। তবে শেষ পর্যন্ত প্রচারণায় তাকে দেখা যায়নি।
/রোদসী