সাংবাদিক দম্পতি হত্যার গল্প নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। রায়হান রাফির পরিচালনায় সিনেমাটির শুটিং শেষ হয়েছে বেশ আগেই। প্রথমে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি এটি মুক্তি দেওয়ার কথাও ছিল। কিন্তু তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির মুখে সেটা আটকে যায়। অবশেষে ওয়েব ফিল্মটি এ বছরেই মুক্তি পেতে যাচ্ছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে ‘অমীমাংসিত’। নিজ বাসায় সাংবাদিক দম্পতি অর্ণব আর নিরুর খুন হওয়া নিয়ে সিনেমাটির গল্প এগিয়েছে। কারা খুন করল তাদের? কিই-বা তাদের উদ্দেশ্য? সেই সাংবাদিক দম্পতির মৃত্যুরহস্য নিয়ে ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে। সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।
শুটিং শুরুর পরই জানা গিয়েছিল, অমীমাংসিত তৈরি হচ্ছে সাংবাদিক দম্পতি হত্যার গল্প নিয়ে। তখনই অনেকে ধারণা করেছিলেন, এটি আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের গল্প। টিজার প্রকাশের পর সেই ধারণা আরও স্পষ্ট হয়। যদিও এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছুই জানাননি সিনেমার পরিচালক বা প্রযোজক কেউই।
৪০ সেকেন্ডের টিজারে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখিত সংলাপ আকারে তুলে ধরা হয়েছে- ‘খুনগুলো হয়েছে আনুমানিক রাত দেড়টা থেকে ২টার মধ্যে। ধারণা করছি, এটা কোনো চুরি-ডাকাতির কেস...’, ‘সাংবাদিক, প্রতিবেশী, আত্মীয়-স্বজন সবাই ক্রাইম জোনের আলামত নষ্ট করেছে। আমার করার কী ছিল’, ‘ওদের কেউ মারেনি। ওরা নিজেরাই নিজেদের খুন করেছে’, ‘এটা নিশ্চিত পরকীয়া কেস! নইলে সেদিন...’।
এর আগে গত বছর আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সেন্সর বোর্ডে ‘অমীমাংসিত’ আটকা পড়লেও গণ-অভ্যুত্থানের পর সেন্সর বোর্ড বিলুপ্ত করে গঠন করা হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এর পর ‘অমীমাংসিত’-এর প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়পত্র পাওয়ার জন্য আপিল করলে তার পরিপ্রেক্ষিতে সিনেমাটি মুক্তির অনুমতি পায়।
/এমএস