মুকুল সিরাজ এই সময়ের একজন আলোচিত দর্শকপ্রিয় চরিত্রাভিনেতা। তার অভিনয় দিয়ে তিনি এখন দর্শকের মাঝে মুগ্ধতা ছড়ান। অভিনয়গুণেই তিনি এখন দর্শকের কাছে যেমন প্রিয় হয়ে উঠেছেন, ঠিক তেমনি তিনি পরিচালকদের পছন্দের এখন। একটু ব্যতিক্রমধর্মী চ্যালেঞ্জিং চরিত্রে নির্মাতারা তার ওপর অনায়াসে আস্থা রাখতে পারেন। ঠিক তেমনি একজন গুণী নির্মাতা কায়সার আহমেদ। তার পরিচালিত প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে দীপ্ত টিভির নতুন ধারাবাহিক নাটক ‘রূপনগর’।
এই নাটকের কিছুটা নেগেটিভ চরিত্র হচ্ছে লতিফ। এই লতিফ চরিত্রেই অভিনয় করছেন গুণী অভিনেতা মুকুল সিরাজ। মুন্সীগঞ্জের সন্তান মুকুল সিরাজ লতিফ চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন। আর কয়েকটি পর্বেই দেখা যাবে অভিনেতা ইমতু রাতিশ গল্পের ধারাবাহিকতায় খুন হবেন। এই খুনের মূল হোতা হচ্ছেন মুকুল সিরাজ অর্থাৎ লতিফ চরিত্রটি। মুকুল সিরাজের বিপরীতে এই নাটকে অভিনয় করছেন সিলভিয়া। এই নাটকটি ছাড়াও এই মুহূর্তে মুকুল সিরাজ অভিনীত বিপ্লব হায়দার পরিচালিত ‘সুখপাখি’ ধারাবাহিক নাটকটিও আরটিভিতে প্রচার হচ্ছে।
মুকুল সিরাজ বলেন, ‘কায়সার ভাই এই দেশের নাট্যাঙ্গনের অত্যন্ত গুণী একজন নির্মাতা। তার নির্দেশনায় এর আগেও আমি আয়না, বকুলপুর, যাদুনগরসহ আরও বহু নাটকে অভিনয় করেছি। আমি তার নির্দেশনায় কাজ করে নিজেকে অভিনয়ে আরও সমৃদ্ধ করার চেষ্টা করেছি। আমি জানি না আমি তার মনমতো অভিনয় করতে পেরেছি কি না। তবে আমি কায়সার ভাইয়ের নির্দেশনায় কাজ করে গর্বিত। রূপনগর-এর লতিফ চরিত্রটি দর্শকের কাছে সমাদৃত হয়েছে। এর নেপথ্যে কারণও কিন্তু কায়সার ভাই। আমি শুধু অভিনয়টাই মন দিয়ে করে যাওয়ার চেষ্টা করেছি। আগামীতে আরও ভালো ভালো চরিত্রে অভিনয় করার স্বপ্ন দেখি।’
মুকুল সিরাজ রেদওয়ান রনির ‘চোরাবালি’ সিনেমায় অভিনয় করেছিলেন। তার অভিনীত প্রথম টিভি নাটক গাজী রাকায়েতের ‘রূপান্তর’। ১৯৯৯ সাল থেকে তিনি নাট্যদল ‘নাট্যধারা’র সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই দলের হয়ে ‘অগ্নিজল’ নাটকে অভিনয় করেও দর্শকপ্রিয়তা পেয়েছেন। তবে বিগত আট বছর যাবৎ তিনি নাট্যদল ‘থিয়েটার ফ্যাক্টরি’র সঙ্গে যুক্ত আছেন। এই দলের হয়ে তিনি ‘আষাঢ়স্য প্রথম দিবস’ নাটকে অভিনয় করেছেন।
/এমএস