ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী নূতনের স্বামী, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল। শনিবার বিকেল ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জ্যাকি আলমগীর জানান, রোববার বাদ জোহর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডি-ব্লকের জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন রুহুল আমিন বাবুল। কিছুদিন আগে শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় ফিরেছিলেন। তবে পুনরায় শারীরিক জটিলতা দেখা দিলে কয়েকদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সত্তরের দশকের শেষ দিকে চলচ্চিত্র প্রযোজনা শুরু করেন রুহুল আমিন বাবুল। তিনি ছিলেন জ্যাম্বস ফাইটিং গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৩০টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। তাঁর প্রযোজনায় নির্মিত ‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘চাঁদ সুরজ’, ‘কাবিন’সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্র দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। সর্বশেষ তিনি ১৯৯৮ সালে ‘আমি সেই মেয়ে’ চলচ্চিত্রটি প্রযোজনা করেন।
১৯৭৮ সালে অভিনেত্রী নূতন (প্রকৃত নাম ফারহানা আমিন রত্না)–কে বিয়ে করেন রুহুল আমিন বাবুল। তাঁদের দুই কন্যা—লাবিবা আমিন ও ফারহানা আমিন রীতু।
/রোদসী