রাষ্ট্র সংস্কারের লক্ষ্য সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজনৈতিক অঙ্গনে নতুন এই সমঝোতা নিয়ে যখন তুমুল আলোচনা চলছে, তখন বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বরেণ্য অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা।
সম্প্রতি এনসিপির এই সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন সোহেল রানা। সেখানে তিনি লেখেন, ‘সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এতদিন জনগণকে কেন বোকা বানালি?’
সোহেল রানা তাঁর পোস্টে সরাসরি কোনো দলের নাম উল্লেখ না করলেও মন্তব্যের ঘরে ভক্ত ও অনুসারীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এনসিপি। এরপর অন্য এক পোস্টে তিনি সরাসরি ক্ষোভ প্রকাশ করেন দুই রাজনীতিকের ওপর। সেখানে তিনি লেখেন, ‘আখতারুজ্জামান, অলি আহমেদ—ধিক তোমাদের দুজনকে।’
উল্লেখ্য, ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন সোহেল রানা। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সরাসরি রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। দেশ স্বাধীন হওয়ার পর চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি। প্রযোজক হিসেবে তাঁর হাত ধরে নির্মিত হয় বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ (১৯৭২)। এই সিনেমার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, এতে অভিনয়শিল্পীদের একটি বড় অংশ ছিলেন প্রকৃত মুক্তিযোদ্ধা।
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সম্প্রতি এনসিপি ও জামায়াতের এই সমঝোতার বিষয়টি প্রকাশ্যে আসে। তবে এনসিপি নেতৃত্বের দাবি, আদর্শগত কোনো কারণে নয়, বরং বৃহত্তর রাষ্ট্র সংস্কারের স্বার্থে এই জোট গঠন করা হয়েছে।