কালো চিমনির ধোঁয়ায় আকাশের বুকজুড়ে জমে কালো মেঘ।
মৃত পাখির বাসা খসে পড়ে রক্তাক্ত বনে।
শ্যামল বাগানগুলো পড়ে আছে যুদ্ধাহত ক্ষতবিক্ষত সৈনিকের মতো।
জ্বলন্ত কয়লার পাহাড়,
জাগিয়ে তোলে মাটির গহ্বরে ঘুমিয়ে থাকা আগুনকে।
প্লাস্টিকের সমুদ্দুর,
ক্ষুধার্ত দৈত্যের মতো গিলে খাচ্ছে পৃথিবীকে।
যুদ্ধের দামামা পোড়ামাটির ব্যস বাড়াতে থাকে শুধু।
বোমার শব্দে ঝরে পড়ে পাখির পালক,
আকাশের নীল রং
ভাঙা কাচ হয়ে আছড়ে পড়ে জমিনে।
পৃথিবীর কপালে আগুনের থার্মোমিটার।
কামারের হাতুড়ির মতো আছড়ে পড়ে উন্মত্ত রোদ।
জ্বরে পোড়া পৃথিবীর গা থেকে ঝরতে থাকে বরফ অবিরাম।
বৃদ্ধের শুভ্র দাড়ির মতন।
ক্ষুধার্ত সমুদ্র গিলে খায়,
মানুষের স্বপ্নে বোনা উঠোন।
তৃষ্ণার কঙ্কাল জমিনে আঁকে ছড়ানো মানচিত্র।
নদীর তীর ক্ষুধার্ত ষাঁড়ের মতো গ্রামে ঢুকে পড়ে। পাখির কিচিরমিচির বাজেয়াপ্ত হয় কোনো এক ভোরে,
বাড়তে থাকে ছিন্নমূল মানুষের ভেলা,
পৃথিবীর জ্বর নামানোর দাওয়াই খুঁজতে,
গলি থেকে মাথাগুলো জড়ো হয় জাতিসংঘের টেবিলে।
কথার খই ফোটে, তবে চোখ বাঁধা থাকে কালো ফিতায়।