জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুতে আট দফা দাবি নিয়ে ক্যাম্পাসে ব্লকেড কর্মসূচি পালন করেছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
বুধবার (২০ নভেম্বর) সকাল পৌনে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের সব দরজায় তালা ঝুলিয়ে প্রধান ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা
তাদের দাবিগুলো হলো- ২৪ ঘণ্টার মধ্যে এই কাঠামোগত হত্যাকাণ্ডের বিচার করতে হবে, ক্যাম্পাসে পর্যাপ্ত সড়কবাতি ও গতিরোধক স্থাপন করতে হবে এবং যানবাহনে গতি পরিমাপক রাখতে হবে, নিহত শিক্ষার্থীর পরিবারকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, মেডিকেল সেন্টারের জরুরি সেবা আরও উন্নত করতে হবে, নিবন্ধনহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, সব রিকশাচালকের প্রশিক্ষণপূর্বক নিবন্ধন নিশ্চিত করতে হবে, অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে।
ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়া ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী লামিশা জামান বলেন, ‘মঙ্গলবার (১৯ নভেম্বর) যে ঘটনা ঘটেছে, সেটাকে আমরা কাঠামোগত হত্যাকাণ্ড বলে চিহ্নিত করছি।’
প্রত্নতত্ত্ব বিভাগের আরেক শিক্ষার্থী দুর্বার আদি বলেন, প্রশাসনের দায়িত্ব ছিল প্রাথমিকভাবে ক্যাম্পাস মেডিকেলে আফসানার যথাযথ চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু সেটি করা হয়নি। এটাকে প্রশাসনের ব্যর্থতা হিসেবে দেখতে হবে। ক্যাম্পাসে শুধু রিকশা নয় মোটরসাইকেলেরও গতি নিয়ন্ত্রণ করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসের শহিদ মিনার-সংলগ্ন নতুন কলাভবনের সামনের রাস্তায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় গুরুতর আহত হন আফসানা করিম। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জোবায়ের/সুমন/অমিয়/