ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওয়েবাসাইটের সাব ডোমেইন ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। ওয়েবাসাইটে হ্যাকারদের এক বার্তায় উপদেষ্টা আসিফ নজরুলকে একতরফা দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ওয়েবসাইটটি হ্যাক হয়। ইংরেজিতে ওয়েবসাইটে হ্যাকাররা তাদের পরিচয় দিয়ে লেখা হয়েছে, ‘উই আর মুসলিম ব্ল্যাকহেটস অ্যান্ড স্পাই এজেন্টস।’
ওয়েবসাইট হ্যাক করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি বার্তা দিয়ে হ্যাকাররা লিখেছে, ‘আমরা ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমকে হত্যা চেষ্টার জোর প্রতিবাদ করুন। আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই, ইসকন এবং প্রথম আলো সরাসরি ভারতীয় গোয়েন্দা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। জনাব আসিফ নজরুল, একতরফা দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসুন। দেশবিরোধী ইসকন এবং প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন।’
এতে আরও লেখা হয়েছে, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই যে, আমরা কোনো দেশবিরোধী গ্রুপ নই। এই সার্ভারের কোনো ফাইলস ক্ষতিগ্রস্ত হয়নি, সমস্ত ফাইল নিরাপদ রাখা হয়েছে। এটি কেবল বার্তা সরবরাহ করার জন্য হ্যাক করা হয়েছে।’
এদিকে আইসিসিটি সেলের পরিচালক অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল তুষারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি (ssl.du.ac.bd) মূল ওয়েবসাইট নয়। এই সাব ডোমেইন ওয়েবসাইটটি হ্যাক করে হ্যাকাররা। এই সাব ডোমেইন ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য ম্যানেজমেন্ট ও বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়।
আরিফ জাওয়াদ/সাদিয়া নাহার/