রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভর্তি ও প্রত্যয়নপত্রসহ সব ধরনের ফি কমানো হয়েছে। গত ২৯ অক্টোবর বিভাগীয় একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক (সম্মান) পর্যায়ের প্রতি বছরের এককালীন প্রদেয় ছাত্রকল্যাণ ও মিড়িয়া রিসার্চ ল্যাব ফি পূর্বের হারে বিদ্যমান থাকলেও অনুদান ফি ৩০ টাকা পুরোপুরি বাতিল করা হয়েছে। এ ছাড়া মাস্টার্স পর্যায়ের পরীক্ষার ফরম পূরণের এককালীন প্রদেয় ছাত্রকল্যাণ ও মিডিয়া রিচার্স ল্যাব ফি পূর্বের হারে বিদ্যমান রয়েছে এবং সেমিনার ফি এক হাজার টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা ও অনুদান ফি ৩০০ টাকা বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্রের জন্য এককালীন প্রদেয় ফির মধ্যে সাধারণ প্রত্যয়নপত্রের ফি ১০০ টাকা এবং নম্বরপত্রের প্রত্যয়ন ফি ১০০ টাকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল খবরের কাগজকে বলেন, ‘আমি বিভাগের সভাপতি হওয়ার পর দেখেছি কিছু খাতের জন্য শিক্ষার্থীদের থেকে টাকা না নিলেও বিভাগ চলতে পারে। তা ছাড়া বিভাগে অনেক মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের ছেলে-মেয়ে ভর্তি হয়। যাদের হয়তো এই নামমাত্র অর্থ প্রদান করতে অসুবিধায় পড়তে হয়। তাই তাদের বিষয়টি মাথায় রেখে একাডেমিক কমিটির সভায় আমরা কিছু খাতে ফি কমানো এবং কিছু খাতে ফি সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’
এস আই সুমন/জোবাইদা/অমিয়/




