ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদের সকাল সোয়া ৭টায় অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয় দু’টির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ঢাবির বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতিব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৮টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে বুয়েটের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েটে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত সকাল সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে খেলার মাঠের পরিবর্তে এই বিশ্ববিদ্যালয়ের ৩টি মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে বুয়েট কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৭টায়, বকসি বাজার বায়তুস সালাম মসজিদে সকাল ৮টায় ও আজাদ আবাসিক এলাকা মসজিদে সকাল ৮টায়।
এছাড়া সকলকে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঈদুল ফিতরের নামাজের জামাতে আসার জন্য অনুরোধ জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে।
আরিফ জাওয়াদ/মাহফুজ