যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন যে, ইসরায়েল যদি ইরানের সঙ্গে আবারও যুদ্ধে জড়ায়, তবে তাকে একাই লড়তে হতে পারে।
সোমবার (৮ জুন) ট্রাম্পের এই সতর্কবার্তা এমন এক সময়ে এল, যখন ইসরায়েল এবং ইরান উভয় দেশই জানিয়েছে যে- তারা সাময়িকভাবে হামলা বন্ধ রাখবে।
গত এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে বড় উত্তেজনার ঘটনা।
নেতানিয়াহুর ওপর ট্রাম্প দিন দিন বেশ বিরক্ত হয়ে উঠছেন বলে জানা গেছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দুই পক্ষকেই যুদ্ধ থামানোর আহ্বান জানান।
তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত আলোচনা এগিয়ে যাবে, যদি না অজ্ঞতা বা বোকামি এর মাঝে বাধা হয়ে দাঁড়ায়।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে সরাসরি ফোন করেও হামলা বন্ধ করতে বলেছেন।
সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিণতি নিয়ে নেতানিয়াহুকে সাবধান করেছিলেন। ট্রাম্প বলেন, ‘আমি বলেছিলাম, বেবি (নেতানিয়াহুর ডাকনাম) তোমাকে আরও সতর্ক হতে হবে, তা না হলে খুব শিগগিরই তোমাকে একা একাই লড়তে হবে।’
এই নতুন উত্তেজনার শুরু হয় গত রবিবার, যখন ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে এক ভয়াবহ বিমান হামলা চালায়। ইরান সবসময়ই বলে আসছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো শান্তিচুক্তি হতে হলে লেবাননে যুদ্ধ বন্ধ হওয়া জরুরি। ফলে, লেবাননে হামলার জবাবে ইরান উত্তর ইসরায়েলে লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছোড়ে।
জানা গেছে, ট্রাম্প রবিবার সন্ধ্যায় নেতানিয়াহুকে ফোন করে পাল্টা হামলা না করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ইসরায়েল তা না শুনে সোমবার ভোরে ইরানের ওপর হামলা চালায়। ইসরায়েলি বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি পেট্রোকেমিক্যাল কারখানায় আঘাত হানে। জবাবে ইরানও ইসরায়েলের হাইফা শহরের একটি একই ধরনের কারখানা এবং দুটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। তবে ইরানের ছোড়া অনেক ক্ষেপণাস্ত্রই অধিকৃত পশ্চিম তীরের আকাশে ধ্বংস করা হয়। সূত্র: আল জাজিরা
আজহার/অমিয়/