তিন দফা দাবিতে আগামী সাত দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শিক্ষার্থীদের সচেতন করতে লিফলেট বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা ।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের নিজ অধিকার আদায়ে সচেতন হওয়ার কথা বলেন তারা।
শিক্ষার্থীদের বিতরণ করা লিফলেটটিতে লেখা দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পরেও ছাত্রদের জন্য কোনো আবাসন সুবিধা নিশ্চিত হয়নি, যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বৈষম্যমূলক। তাই এই বিষয়ে তাদের ৩টি দাবি হলো
১) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং ৭০% শিক্ষার্থীর আবাসন বৃত্তি বাজেটে অর্ন্তভূক্ত করতে হবে। ২) ২য় ক্যাম্পাসের কাজ, পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বানী ভবনের নির্মাণ কাজ আগামী ১৫ দিনের মধ্যে শুরু করতে হবে। ৩) বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২য় ক্যাম্পাস ও হল নির্মাণের কাজের অগ্রগতি প্রতি ১৫ দিন পর পর মুক্তমঞ্চে ব্রিফ করতে হবে।
লিফলেটে আরও লেখ হয়, ‘যেহেতু আমাদের ছাত্র সংসদ বা জকসু নেই, তাছাড়াও আমাদের নির্বাচিত কোনো প্রতিনিধি নেই, তাই মুক্তমঞ্চে সকল শিক্ষার্থীদের সামনে সকল কাজের আপডেট দিতে হবে।’
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সভাপতি একে এম রাকিব খবরের কাগজকে বলেন, ‘তিন দফা দাবি আদায়ে আমরা আমাদের আন্দোলন চলমান রাখব। আমাদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা লিফলেট বিতরণ করেছি। আগামীকাল আমরা পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল এবং ভিসি বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করব, পাশাপাশি দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ে ‘প্রতীকী বির্তক’ আয়োজন করব।
উল্লেখ্য, সোমবার (২১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিগুলো হলো:
১) ২২ এপ্রিল, কাথা বালিশ কর্মসূচি এবং লিফলেট বিতরণ চলমান থাকবে।
২) ২৩ এপ্রিল, বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান।
৩) ২৪ এপ্রিল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মুক্তমঞ্চে আলোচনা।
৪) ২৫ ও ২৬ এপ্রিল খোলাচিঠি ও অনলাইনে প্রচারণা।
৫) ২৭ এপ্রিল আলোচনা সভা
৬) ২৮ তারিখ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান।
মুজাহিদ বিল্লাহ/মাহফুজ