নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ মে) নোবিপ্রবির বিভিন্ন কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ‘বি’ ইউনিটের ২ হাজার ১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন- ১ হাজার ৯৭৬ জন। উপস্থিতির হার ৯২ শতাংশ।
পরীক্ষা শুরু হলে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
এ সময় নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, পরীক্ষা হলগুলোর ভিজিল্যান্স ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক এ এফ এম আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে নোবিপ্রবি উপাচার্য বলেন, ‘গত পরীক্ষার মতো এবারও আমরা অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা রেখেছি। এ পর্যন্ত পরীক্ষাকে কেন্দ্র করে কোনো সমস্যা দেখা যায়নি। আশা করি, শিক্ষার্থীরা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছে। আগামী ৯ মে শুক্রবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ নোয়াখালীর আরও চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আমরা আজকের ও বিগত পরীক্ষায় যেভাবে নোয়াখালীবাসীর সহযোগিতা পেয়েছি, আশা করি আগামী ৯ মে’র পরীক্ষাতেও সব স্তরের লোকজন আমাদের পরীক্ষার্থীদের সহযোগিতা করবেন।’
তিনি বলেন, ‘আশা করি, আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে পারব। আমি ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কমিটি ও উপ-কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবাইকে ধন্যবাদ জানাই।’
পাশাপাশি নোয়াখালী জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা, বিদ্যুৎ পরিষেবা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বিভিন্ন ক্লাবের শিক্ষার্থী, সাংবাদিক এবং নোয়াখালীবাসীসহ যারা ভর্তি পরীক্ষায় সহায়তা করেছেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
কাউসার/পপি/