জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার আধুনিকায়নে নবযাত্রা শুরু করেছে। সোমবার (৪ আগস্ট) কেন্দ্রীয় গ্রন্থাগার অফিস আয়োজিত ‘জুলাই গাথা: দৃশ্যপটে নীরব স্মৃতিচারণ ও জাবি গ্রন্থাগার আধুনিকায়নে নবযাত্রা’ শীর্ষক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে সহজ করা এবং গ্রন্থাগারে পুস্তকের নিরাপত্তা নিশ্চিত করাই অটোমেশনের অন্যতম উদ্দেশ্য।
তিনি জানান, এই লক্ষ্যকে সামনে রেখে একাধিক যুগোপযোগী প্রযুক্তি সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আরএফআইডি ও ইউএইচএফ সিকিউরিটি গেইট, বুক সার্চিং ও ইস্যু কিয়স্ক, এবং ড্রপবক্স। ড্রপবক্সের মাধ্যমে শিক্ষার্থীরা গ্রন্থাগারে না গিয়েই আবাসিক হল বা অনুষদ থেকে বই জমা দিতে পারবেন, যা সময় সাশ্রয় করবে ও গ্রন্থচর্চা আরও সহজ করবে।
উপাচার্য আরও বলেন, শিক্ষকদের টেক্সট কারেকশনের প্রয়োজনীয়তা বিবেচনায় গ্রন্থাগারে গ্রামারলি সাবস্ক্রিপশন যুক্ত করা হয়েছে। এছাড়াও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অটোমেশন ও আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় গ্রন্থাগারের আধুনিকায়ন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ শেষে উপাচার্য এই কথা বলেন। তিনি এই প্রকল্পের সম্প্রসারণ ও টেকসইকরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. সোহেল রানা ও সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার।
এছাড়াও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রন্থাগারের ডেপুটি ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আশরাফুল আলম।
আমানউল্লাহ খান/মাহফুজ