ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কুমলাউ আরেংকে অপহরণ করে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ত্রিশাল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী শিক্ষার্থী।
বুধবার (১৩ আগস্ট) এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী কুমলাউ আরেং জানান, দুপুরে মেসের জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে ত্রিশাল বাজারে যান তিনি। বাজারে চলার সময় চার দুর্বৃত্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে পথ আটকে তার মুখে কাপড় চেপে ধরে অজ্ঞান করেন। এরপর জ্ঞান ফিরলে একটি বহুতল ভবনের ছাদে তিনি নিজেকে আবিষ্কার করেন। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করলে বাড়িতে থেকে ভর্তির জন্য মিথ্যা কথা বলে নিজ বিকাশ নম্বরে ২০ হাজার টাকা আনেন তিনি। পরে দুর্বৃত্তরা তার থেকে ফোনটি কেড়ে নিয়ে টাকা ক্যাশ করে নেয়। অপহরণকারীদের মাদকাসক্ত বলে মনে হয়েছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, আমাকে ঘটনার বিষয়ে জানালে আমি তাকে ত্রিশাল থানায় একটি অভিযোগ করতে বলি। এ ছাড়াও সার্কেল এসপি ও ওসিকে বিষয়টি জানিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তারা।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযােগের চেষ্টা করলেও সম্ভব হয়নি।
আমিরুল ইসলাম/অমিয়/