চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নতুন একক প্যানেল ঘোষণা করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট। তবে পূর্ণাঙ্গ নয়, মাত্র পাঁচটি পদে প্রার্থী মনোনীত করে তারা ‘রেভুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’ নামে এই প্যানেল ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেলের ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত প্যানেলে সহসভাপতি পদে কেফায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক পদে কাজী শাহরিয়ার উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক পদে জুনায়েদ শিবলী, দপ্তর সম্পাদক পদে তাহাসিন কারিমুল ইসলাম এবং যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে সাবিহা তাসিন সৃজা মনোনীত হয়েছেন।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের নেতারা জানান, শিক্ষার্থীদের স্বার্থ ও মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়েই তারা এ প্যানেল গঠন করেছেন। আগামী নির্বাচনে সীমিত পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও শিক্ষার্থীদের আস্থা অর্জন করে চাকসুকে একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ হিসেবে গড়ে তুলতে চান তারা।
এ নিয়ে আসন্ন চাকসু নির্বাচনে মোট ১১টি প্যানেল ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
আল আরাফ/নাঈম/