যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের ওপর জুলাই গণহত্যা পরিচালনাকারী নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)। এছাড়া ডাকসুর সাবেক সমাজসেবাবিষয়ক সম্পাদক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেনের ওপর সংগঠিত এই হামলা শুধু গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকারের ওপর নগ্ন আঘাতই নয় বরং ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য সতর্কবার্তাও বটে। আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচার প্রক্রিয়াসহ সামাজিক প্রতিরোধ সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখতে না পারায় এহেন ন্যাক্কারজনক হামলার সাক্ষী হতে হচ্ছে। ডাকসু মনে করে, এই ধরনের বর্বরোচিত ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অস্থিরতা সৃষ্টি করছে।’
জড়িতদের বিরুদ্ধে শাস্তি দাবি এবং ডাকসুর অবস্থান প্রসঙ্গে এতে বলা হয়, ‘আমরা এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) গণতন্ত্রকামী জনগণ ও ভিন্নমতের প্রতি সহনশীলতার লড়াইয়ে সবসময় দৃঢ় অবস্থানে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দলের সদস্যদের বহনকারী ফ্লাইটটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় টার্মিনালের বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘জুলাই সন্ত্রাসী’সহ নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। টার্মিনাল থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আওয়ামী লীগের কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন এবং বাকি সফরসঙ্গীদের হেনস্তাও করেন।
আরিফ জাওয়াদ/রিফাত/