অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাকিম চত্বরের এক দোকানে তালা ঝুলিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ব্যবস্থা নেওয়ায় ঢাবির সিকিউরিটি অফিসারকে হুমকি দেওয়ার ও হেনস্তা করার অভিযোগ উঠেছে ঢাবির হিসাব পরিচালক দপ্তরের এক উপপরিচালক ও দোকানির বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।
জানা গেছে, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদের নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) মাহবুব তালুকদারসহ কয়েকজন হাকিম চত্বরের এক দোকানে হালিম খেতে গিয়ে দুর্গন্ধযুক্ত মাংস পান।
এ ঘটনার পর শিক্ষার্থীরা দোকানের ম্যানেজারকে সঙ্গে নিয়ে প্রক্টর অফিসে আসেন এবং অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে প্রক্টর সাইফুদ্দীন আহমদের নির্দেশে দোকানে তালা লাগিয়ে হালিমের নমুনা ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়।
অভিযোগ ওঠে, এ ঘটনার পরদিন বুধবার দুপুরে ঢাবির হিসাব পরিচালক দপ্তরের উপহিসাব পরিচালক নাজমুন নাহার নয়ন এবং দোকানের বরাদ্দপ্রাপ্ত মালিক শামসুন্নাহার হল শাখা ছাত্রদল নেত্রী তানজিন চৌধুরী লিলি এস্টেট অফিসে এসে তালা লাগানোর কারণে সিকিউরিটি অফিসারকে হুমকি দেন ও হেনস্তা করেন। তবে দুজনই এই অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযুক্ত দোকানের বরাদ্দপ্রাপ্ত মালিক তানজিন চৌধুরী লিলি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে খবরের কাগজকে বলেন, ‘সেদিন আমরা বিষয়টি জানার জন্য গিয়েছিলাম, এখানে কাউকে থ্রেট দিয়ে কোনো আচরণ করা হয়নি।’
আরেক অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের উপহিসাব পরিচালক নাজমুন নাহার নয়ন খবরের কাগজকে বলেন, ‘অফিস-পরিবারে এমন ঘটনা ঘটেই।’
আরিফ জাওয়াদ/রিফাত/