রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ ঘনিয়ে আসায় প্রার্থীরা জোর প্রচারণা চালাচ্ছেন। তাদের সঙ্গে যুক্ত হয়ে প্রচারে সহযোগিতা করছেন সমর্থকরাও।
রবিবার (১২ অক্টোবর) সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় প্রচারণায় দেখা গেছে তাদের। তারা ভোটারদের কাছে গিয়ে কুশল বিনিময় করছেন। ভোটের পাশাপাশি দোয়াও চাচ্ছেন কেউ কেউ।
আগামী ১৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে তিন দফা ভোট পিছিয়ে যায়। ফলে লম্বা সময় ধরে প্রার্থীদের ভোটের মাঠে প্রচারণায় থাকতে হয়েছে। এদিকে, সময় ঘনিয়ে আসায় তারা সমর্থকদেরও মাঠে নামিয়েছেন। তারাও প্রার্থীদের হয়ে ভোট চাচ্ছেন।
কেন্দ্রীয় সংসদে (রাকসু) স্বতন্ত্র সাংস্কৃতিক সম্পাদক পদের বি এস এম আনোয়ার আমজাদকে দেখা গেল বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে। তিনি কাঁধে দোতরা ঝুলিয়ে গান গেয়ে গেয়ে ভোট চাচ্ছিলেন। পাশাপাশি তার সঙ্গে থাকা সমর্থকরা প্রচারপত্র দিচ্ছিলেন।
আনোয়ার আমজাদ বলেন, ‘আমি সংস্কৃতিকর্মী হিসেবে সাংস্কৃতিক পদে নির্বাচন করছি। তাই আমার প্রচারের ধরনটাও সংস্কৃতি চর্চার মতোই। আমি গানে গানে আমার ইশতেহার বলছি।’
রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলের জিএস প্রার্থী আফরিন জাহানকে ওই এলাকায় লিফলেট বিতরণ করতে দেখা গেল। তিনি ভোটার শিক্ষার্থীদের নিজের ব্যালট নম্বর দিয়ে ভোট চাচ্ছিলেন। তিনি জানালেন, ‘ভোটের সময় কাছাকাছি। সবার কাছে যাওয়ার চেষ্টা করছি। ভালো সাড়া পাচ্ছি।’
সকাল ৯টা থেকেই দেখা গেল ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের সমর্থকদের। তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রচার করছিলেন। তারা বললেন, তারা সমর্থক। প্রার্থীরা এখন খুব ব্যস্ত। প্রচারে তাদের সহযোগিতা করছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের নেতা-কর্মীরা প্রচারণা চালাচ্ছিলেন। বাস থেকে শিক্ষার্থীরা নামামাত্রই তারা লিফলেট দিচ্ছিলেন। তাদের একজন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী থাকেন। তারা সকালে বাসে করে ক্যাম্পাসে আসেন। তাদের কাছে তারা পৌঁছানোর চেষ্টা করছেন।
ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপিপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদকে দেখা গেল বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন। সঙ্গে নিজের প্যানেলের জন্য ভোট চাচ্ছিলেন।
তিনি বলেন, ‘ভোটের সময় খুবই কাছে। যদিও ভোট তিনবার পিছিয়ে গেছে। এতে একটা লম্বা সময় ধরে ভোটারদের কাছে যেতে হচ্ছে। অনেকের কাছে একাধিকবারও যাওয়া হয়েছে। তবে তারা বিরক্ত হচ্ছেন না। ভোটাররা ব্যাপারটা উপভোগই করছেন। ১৬ অক্টোবর একটা ভোট উৎসবের অপেক্ষায় সবাই।’
সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থীরা প্রচারণায় আছেন উল্লেখ করে প্যানেলের ভিপিপ্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, আজকে সকাল থেকে প্রচার করেছেন তারা। সময় কম থাকায় প্যানেলের প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন।
এদিকে, রাকসু নির্বাচন নিয়ে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলন ডেকেছে প্রশাসন। সেখানে সার্বিক বিষয়ে কথা বলবেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
শনিবার (১১ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর।
শাকিবুল/সালমান/