রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। অন্যদিকে এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জিএস নির্বাচিত হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনভর ভোট শেষে রাতে সবগুলো হলের ফলাফল গণনা করা হয় এবং শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।
মোস্তাকুর রহমান জাহিদ ভিপি পদে পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৪৯৭ ভোট, যেখানে শিবির সমর্থিত প্যানেলের ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস (এষা) পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা সময় গণনা শুরুর কথা থাকলেও আড়াই ঘণ্টা দেরিতে রাত সাড়ে ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের নজরুল মিলনায়তনে মেয়েদের মন্নুজান হল থেকে গণনা শুরু হয়। এই ভোট গণনা কার্যক্রম নজরুল ইসলাম মিলনায়তনের বাইরে এবং কেন্দ্রীয় শহিদ মিনারে বড় পর্দায় লাইভ দেখানো হয়।
সরেজমিনে দেখা যায়, রাতভর হাজারো শিক্ষার্থী দুই পর্দার সামনে অবস্থান নিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করতে থাকেন। সবশেষ সকাল পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের ফলাফল ঘোষণার মধ্যে দিয়ে ১৭ টি আবাসিক হলের ফলাফল ঘোষণা শেষ হয়। কেন্দ্রীয় সংসদের বাইরে হল সংসদেও শিবির মনোনীত প্যানেলের প্রার্থীতা জয়ী হয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকেই বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলে এই ভোট গ্রহণ হয়। নির্বাচনকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাকসুর ২৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১০টি প্যানেলের ২৪৭ জন প্রার্থী। এ ছাড়া ১৭টি হলে হল সংসদের ১৫ পদে ৫৯৭ জন এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫ পদে ৫৮ জন প্রার্থী লড়েছেন।
ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০১ জন, এর মধ্যে ছাত্রী ১১ হাজার ৩০৫ এবং ছাত্র ১৭ হাজার ৫৯৬। এবারের রাকসু নির্বাচনে মোট ভোটারের ৬৯ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। ছয়টি নারী হলে ভোট পড়ার হার ছিল ৬৩ দশমিক ২৪ শতাংশ।
সুমন/