নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের চার শিক্ষার্থী আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ISIF Bangladesh Round 2025-এ ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। ‘নেক্সটজেন ইনোভেটর্স’ (Nextgen Innovators) নামের এই দলটি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিজেদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
ব্রোঞ্জ পদকজয়ী শিক্ষার্থীরা হলেন—মো. মোফাচ্ছেল হোসেন, মোরসালিন ইসলাম আলভী, মেহেদী হাসান রাব্বি, মো. শামসুদ্দোহা। তারা সবাই আইআইটি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সম্প্রতি রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক দল অংশ নেয়। অংশগ্রহণকারীরা প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গবেষণা এবং সমাজমুখী বাস্তবসম্মত সমাধান উপস্থাপন করেন। বিচারকরা নোবিপ্রবি দলের উদ্ভাবনী প্রকল্প ও টেকসই সমাধানকে বিশেষভাবে প্রশংসা করেন।
এই সাফল্যের ধারাবাহিকতায় নোবিপ্রবির দলটি এখন মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ISIF Global Round 2025-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। বিশ্ববিদ্যালয়ের এই অর্জন শুধু একাডেমিক উৎকর্ষেরই নয়, বরং তরুণ উদ্ভাবকদের বৈশ্বিক পরিসরে বাংলাদেশের সক্ষমতা ও সম্ভাবনার প্রতিফলনও বটে।
দলের নেতা মো. মোফাচ্ছেল হোসেন বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া শুধু সম্মান নয়, বরং এক বিশাল দায়িত্বও। নোবিপ্রবি থেকে শুরু করে সারা দেশে আমাদের প্রচেষ্টা, পরিশ্রম ও রাতজাগা চিন্তার ফলেই আজ আমরা আন্তর্জাতিক মঞ্চে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। ISIF Global Round 2025, বালিতে বাংলাদেশের পতাকা হাতে দাঁড়ানোর মুহূর্তটাই হবে আমাদের জীবনের সবচেয়ে গর্বের সময় ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘ আমরা বিশ্বাস করি, উদ্ভাবন তখনই অর্থবহ হয় যখন তা মানুষের জীবন বদলে দেয়। আমাদের প্রকল্প NextGen Green City সেই লক্ষ্য নিয়েই কাজ করছে। একটি টেকসই, স্মার্ট ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে।’
নোবিপ্রবির এই সাফল্য তরুণ উদ্ভাবকদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছে। দলের সদস্যদের আশা, তাদের এই যাত্রা শুধু ব্যক্তিগত নয়। বরং বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও সম্ভাবনার প্রতিচ্ছবি হয়ে থাকবে।
কাউসার/মৌসুমী/


