নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন আগামী ১৮ অথবা ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকলেও এখনো শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় অনুষ্ঠানটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে প্রস্তুতিমূলক কাজও শুরু করতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল এ তথ্য জানান।
তিনি জানান, সমাবর্তনের দুটি তারিখ প্রস্তাব পাঠানো হলেও মন্ত্রণালয় থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
ড. মোহাম্মদ ইসমাইল বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া প্রস্তাবের কোনো উত্তর পাইনি। ফলে আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছি না।’
উপাচার্য বলেন, ‘একাডেমিক কাউন্সিলে প্রথমে ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হলেও পরে জানা যায়, ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতির ছেলের বিয়ের আনুষ্ঠানিকতা এবং ২৪ ডিসেম্বর আরেকটি পারিবারিক অনুষ্ঠানের কারণে রাষ্ট্রপতি ডিসেম্বরে সমাবর্তনে থাকতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় দুটি বিকল্প প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। সমাবর্তনের জন্য রাষ্ট্রপতির পরিবর্তে অন্য কাউকে সভাপতি হিসেবে মনোনীত করা। অথবা জানুয়ারিতে সমাবর্তন আয়োজনের সুযোগ আছে কি-না তা বিবেচনা করা। তবে প্রস্তাব পাঠানোর পরও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসায় সমাবর্তনের আয়োজন নিয়ে এখনো আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছি না।’
কাউসার/এসজি/