জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (নাকসু-নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) গঠনতন্ত্র চূড়ান্তকরণের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একটি কমিটি গঠন করেছে।
সোমবার (১৯ জানুয়ারি) কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।
ইউজিসির এক অফিস আদেশে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রেরিত স্মারকের প্রেক্ষিতে সিন্ডিকেট কর্তৃক প্রণীত কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রের খসড়া পরীক্ষা, চূড়ান্তকরণ এবং রাষ্ট্রপতির অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান, পিএইচডি। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, ইউজিসির উপ-সচিব (লিগ্যাল) রোজিনা খান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনোনীত দুইজন প্রতিনিধি- প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. আশরাফুল আলম। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইউজিসির সিনিয়র সহকারী সচিব (লিগ্যাল) শেখ আনিসুজ্জামান।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, কমিটিকে জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রের খসড়া পরীক্ষা করে তা রাষ্ট্রপতির কাছে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রাফি/রিফাত/




