১৯৬৯-এর গণ-আন্দোলনের মহান শহিদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ৫৭তম শাহাদাত বার্ষিকীতে আসাদ স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে সংগঠন দুইটির নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ বহির্বিভাগ সংলগ্ন শহিদ আসাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এদিন সকাল ৯টা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এসময় উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আব্দুল্লাহ আল নাঈম, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওনসহ বিশ্ববিদ্যালয় ও হল কমিটিসমূহের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘৬৯ এর আইয়ুব বিরোধী আন্দোলনের শহিদ আসাদ এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের যে উদাহরণ রেখে গেছেন তাকে অনুপ্রেরণা হিসেবে সামনে রেখে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো।’
এদিকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফের উদ্যোগে সকাল ৮ টায় পুষ্পমাল্য অর্পণ, শোক নিরবতা ও শপথ গ্রহণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এর আগে জাতীয় বার্ণ ইনস্টিটিউটের সামনে থেকে মিছিল সহকারে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. জাহাঙ্গীর হোসেন সহ-সভাপতি খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবিরসহ নেতৃবৃন্দরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে আসাদ পরিষদ এবং ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র-ঐক্যের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আমান উল্লাহ আমান, সাবেক জিএস খায়রুল কবির খোকনসহ আরও অনেকে।
উল্লেখ্য, ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্রদের ১১ দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। তার স্মরণে দিনটি শহিদ আসাদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। মৃত্যুকালীন সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এম.এ শেষ বর্ষের ছাত্র ছিলেন তিনি।
আরিফ জাওয়াদ/এসএন