পবিত্র মাহে রমজান, দোলযাত্রা, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ৩৯ দিনের ছুটিতে যাচ্ছে।
কলেজ সূত্রে জানা গেছে, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত কলেজের সব শ্রেণির একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এ হিসাবে মোট ৩৯ দিনের জন্য ক্লাস কার্যক্রম স্থগিত থাকবে।
তবে এ সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন বর্ষের ভর্তি কার্যক্রম, ফরম পূরণ, নির্ধারিত পরীক্ষা এবং কলেজ অফিসের দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ ছাড়া সরকারি গেজেটভুক্ত ছুটির দিন ছাড়া অন্যান্য কর্মদিবসে বিভাগীয় প্রধান বা তার মনোনীত প্রতিনিধিকে বিভাগে উপস্থিত থেকে দাপ্তরিক কাজ সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম স্বাক্ষরিত
এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘ ছুটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি মিলে ১৪দিন বন্ধ গেছে। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা ৫দিন ছুটির মধ্যে মাত্র দুই দিন ক্লাস হওয়ার পর আবারও ৩৯ দিনের ছুটিতে পাঠক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটছে।’
কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘বরিশাল বিভাগীয় শহরে রাজনৈতিক কর্মসূচি ও নানা কারণে মাঝেমধ্যে ক্লাস ব্যাহত হয়। দীর্ঘ ছুটির কারণে সেশনজট ও পরীক্ষার প্রস্তুতিতে প্রভাব পড়তে পারে বলে তাদের আশঙ্কা।’
বিএম কলেজের সাবেক শিক্ষক ও সচেতন নাগরিক কমিটির বরিশাল জেলার সভাপতি অধ্যাপক জাহিদ হোসেন বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর থেকে নির্ধারণ করে দেওয়া হয়। সে ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্তের সুযোগ কম থাকে।
তিনি বলেন, ‘দীর্ঘ ছুটির কারণে পাঠক্রমে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে শিক্ষকরা আগেভাগে পাঠসূচি নির্ধারণ করে দিলে এবং শিক্ষার্থীরা তা অনুসরণ করলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা থাকে না।’
অধ্যাপক জাহিদ হোসেন আরও বলেন, ‘ছুটির সময় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে হবে। তা না হলে পাঠে ছন্দপতন ঘটতে পারে। কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছুটি শেষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শ্রেণিকক্ষের কার্যক্রম শুরু হবে।’
সবুজ/রিফাত/